মৌলভীবাজার-৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভূয়া ভূয়া’ বললেন বিএনপি নেতা

February 7, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিচয় নিয়ে বিভ্রান্তির অভিযোগ তুলে দাঁড়িপাল্লা প্রতীকের এক প্রার্থীকে ‘ভূয়া’ আখ্যা দিয়েছেন বিএনপি নেতা আলহাজ্ব এম এ মুকিত। তাঁর বক্তব্যে রাজনগরে বিএনপির নির্বাচনী সভা ‘ভূয়া ভূয়া’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

শনিবার ৭ ফেব্রুয়ারি বিকেলে রাজনগর উপজেলার গোবিনবাটি এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত নির্বাচনী সভায় এসব কথা বলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁর বক্তব্যের সঙ্গে সঙ্গে ‘ভূয়া, ভূয়া’ স্লোগান দিতে থাকেন।

বক্তব্যে এম এ মুকিত বলেন, ‘আজ আমরা কুলাউড়ায় জামায়াতে ইসলামীর আমিরের জনসভায় দেখেছি—শুধু কুলাউড়া ও বড়লেখা আসনের জন্য জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এবং দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু মৌলভীবাজারু৩ আসনে যাঁকে জনতার প্রার্থী বলে প্রচার করা হচ্ছে, তাঁকে জামায়াতে ইসলাম কিংবা ১১ দলীয় জোটের পক্ষ থেকে কখনোই আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘যেহেতু ১১ দলীয় জোটের প্রার্থী হচ্ছেন দেয়াল ঘড়ি প্রতীকের আহমদ বেলাল, কাজেই আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে দেয়াল ঘড়ির সঙ্গে। কোনো ভূয়া পাল্লা মার্কার সঙ্গে নয়। ওই ভূয়া প্রার্থীর এই মৌলভীবাজারুরাজনগরে কোনো স্থান হবে না।’ এ সময় সভাস্থলে আবারও ‘ভূয়া ভূয়া’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে এম এ মুকিত বলেন, ‘আমরা যদি নিজেদের নিজেদের সেন্টারের দায়িত্ব নিজেরা নিই, তাহলে ধানের শীষ ও বিএনপি প্রার্থী এম নাসের রহমানের ভোটের কোনো অভাব হবে না।’ তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বলেন, বিপুল ভোটের ব্যবধানে নাসের রহমানকে বিজয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা হবে—ইনশা আল্লাহ।

সভায় জেলা বিএনপি, রাজনগর উপজেলা বিএনপি এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com