মৌলভীবাজার-হবিগঞ্জ মহিলা আসনে এবাদুর রহমান চৌধুরী কন্যা জহরত সংসদ সদস্য নির্বাচিত

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জোটের মহিলা এমপি মনোনীত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখার ইতিহাসের প্রথম ব্যারিস্টার ও বিএনপি নেত্রী ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তিনি বড়লেখা ও জুড়ী উপজেলার রূপকার, বড়লেখার ইতিহাসে প্রথম প্রতিমন্ত্রী, চারবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে।
এছাড়াও তিনি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা সাবেক সচিব ব্যারিস্টার মো. হায়দার আলীর পুত্রবধু। নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার মুহাম্মদ জিসান হায়দারের স্ত্রী।
এদিকে বড়লেখার বিএনপি নেত্রী মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ জনসাধারনের মধ্যে আনন্দের বন্যা বইছে। বিশেষ করে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর অনুসারীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বারিস্টার জহরত আদিব চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
অপরদিকে যোগ্য প্রার্থীকে মহিলা সংসদ নির্বাচিত করায় বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফু হক সাজু। তিনি বলেন, বড়লেখার কৃতি সন্তান ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির পক্ষ থেকে মনোনীত হওয়ায় তাকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানানা। ‘মনোনয়ন জমা দেওয়ার সময়ও তিনি আমাকে বিষয়টি অবহিত করেছিলেন এবং তখন আমাদের মধ্যে কথা হয়েছে। মনোনীত হওয়ার পরও তার সাথে আমার কথা হয়েছে, আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি এবং তার এই অর্জনে দলের প্রতি সন্তোষ প্রকাশ করেছি।’
তিনি আশা প্রকাশ করেন, তিনি তার মরহুম পিতা, বড়লেখা ও জুড়ীর মাটি ও মানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর আদর্শ অনুসরণ করে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। তার নেতৃত্বে এলাকার মানুষের প্রত্যাশা প্রতিফলিত হবে এটাই আমাদের বিশ্বাস।
বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুজিব রাজা চৌধুরী বলেন, বড়লেখা জুড়ীর মানুষের কথা মাথায় রেখে একজন সুশিক্ষিত ও যোগ্য মানুষকে আমি আমরা রাজনীতিতে এনেছিলাম। যদিও জহরত আদিব চৌধুরী একজন রাজনৈতিক পরিবারের সন্তান ও পুত্রবধু। আজকে সেই আশার পুর্নতা দিলেন আমাদের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ছায়াসঙ্গী হয়ে জহরত আদিব চৌধুরী বাবার রাজনৈতিক কর্মকান্ড ও এলাকার উন্নয়ন কার্যক্রম, সাধারণ মানুষের চাহিদা খুব কাছে থেকে দেখেছেন। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে যোগ্য পিতার যোগ্য সন্তান জহরত আদিব চৌধুরী মৌলভীবাজার ও হবিগঞ্জের আলোকবর্তিকা হিসাবে কাজ করে যাবেন এমনটাই তিনি আশা করেন।



মন্তব্য করুন