লাউয়াছড়া রিজার্ভ ফরেস্ট থেকে অবৈধভাবে বাঁশ কাটার অভিযোগ, তদন্তের দাবি

April 26, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের রিজার্ভ ফরেস্ট থেকে অবৈধভাবে বাঁশ কাটার অভিযোগ উঠেছে কালাছড়া এলাকার জয়নু মিয়ার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বিভিন্ন মানুষের মাধ্যমে বনাঞ্চল থেকে জাই ও বড়ুয়া বাঁশ কেটে এনে মির্তিঙ্গা চা বাগানের পাশে ধলাই নদীর ব্রিজের উত্তর পাশে নদীর পূর্ব ও পশ্চিম পাড়ে কয়েক হাজার বাঁশ মজুদ রাখা হয়েছে।

শুক্রবার ২৪ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে একদল সংবাদকর্মী মির্তিঙ্গা চা বাগান থেকে মুন্সিবাজার আসার পথে বাঁশের বিশাল স্তুপ চোখে পড়লে ঘটনাস্থলে গিয়ে ছবি তোলেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

এ সময় বাঁশের মালিক হিসেবে পরিচয় দেওয়া মো. জয়নু মিয়া বলেন, এই বাঁশ আমি বিভিন্ন গ্রাম থেকে কিনে এনেছি। বাঁশ কাটার বা পরিবহনের কোনো পারমিট আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এগুলো বাড়িয়ালা বাঁশ, এর জন্য পারমিট লাগে না।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানের রিজার্ভ ফরেস্ট থেকেই এসব বাঁশ কেটে আনা হয়েছে। তাদের দাবি, বন বিভাগের কিছু অসাধু লোকজনকে প্রতি ট্রাক বাঁশের জন্য এক হাজার টাকা দিয়ে বন থেকে বাঁশ কেটে বের করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আদমপুর ও কুরমা বনবিট থেকেও একইভাবে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় প্রতিদিন ট্রাকযোগে ও নদীপথে বাঁশ পাচার হচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবৈধ কার্যক্রম চললেও দেখার যেন কেউ নেই।

এ বিষয়ে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) প্রিতম বড়োয়া বলেন, বাঁশ কাটার বা পরিবহনের জন্য কোনো পারমিট দেওয়া হয়নি।

স্থানীয় সচেতন মহল বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com