মৌলভীবাজার জেলা আইনজীবী বারের ভিতরে হা/ম/লা আ/হ/ত-২

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বারে হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। সোমবার ৮ জুন দুপুরে জেলা আইনজীবী সমিতির ৩নং ভবনে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গাসংক্রান্ত বিরোধ চলছে জসিম খান ও জমসেদ খান পরিবারের মধ্যে। এই বিরোধ নিয়ে তাদের মধ্যে একাধিক ঝগড়া-রিরোধ হয়। এ নিয়ে মৌলভীবাজার সদর থানায় জমসেদ খানসহ ৭ জনকে অভিযোক্ত করে একটি সাধারণ ডায়েরি করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ প্রতিবেদন দাখিল করেন মৌলভীবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে। সোমবার এই মামলায় হাজিরা দিতে এসে একপর্যায়ে জেলা আইনজীবী ভবনের ভিতরে ঝগড়ায় লিপ্ত হয়।
এ সময় জমসেদ, সাকের ও তারেক খানসহ আসামিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জসীম, বেলাল, সুজন খানসহ বেশ কয়েকজনের ওপর হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় সুজন খানকে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে জসিম খান জানান, আমরা আদালতে হাজিরা দিয়ে আইনজীবীর সাথে দেখা করতে বারে যাই। সেখানে আওয়ামীলীগ নেতা জমসেদ খানের লোকেরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় দুজন আহত হন। তার মধ্যে গুরুতর আহত হয়েছেন সুজন খান। আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। এই ঘটনায় আমরা থানায় মামলা করব।
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নুল হক জানান, বিবদমান দুটি পক্ষ আদালতে হাজিরা দিয়ে বারে আসেন। এক পক্ষ আরেক পক্ষের ওপর বার ভবনে হামলা চালিয়েছে। এই ঘটনায় আমরা বিব্রত।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বারের আইনজীবিদের সঙ্গে কথা বলেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



মন্তব্য করুন