মৌলভীবাজারে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘Startup, Science Project and Innovation Idea Showcasing Program’।
শুক্রবার ১২ জুন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ের এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর আওতাভুক্ত পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক কার্যক্রম এবং নতুন নতুন স্টার্টআপ ধারণা উপস্থাপন করে। শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রকল্প ও সৃজনশীল উদ্যোগ অতিথিদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব হোসেন এবং জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জ্ঞান, গবেষণা এবং উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন চিন্তা ও সৃজনশীল উদ্যোগ বাস্তবায়নে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার।



মন্তব্য করুন