শ্রীমঙ্গলে জাতীয় চা দিবস উদযাপিত শনিবার

June 19, 2026,

সাইফুল ইসলাম : শ্রীমঙ্গলে ২০ জুন শনিবার বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে ‘৬ষ্ঠ জাতীয় চা দিবস ২০২৬’। চা শিল্পের বিকাশ, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং বাংলাদেশের চা শিল্পের ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে দিবসটি যথাযোগ্য মর্যাদায় প্রতিবছর পালন করা হয়ে থাকে।

বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে আয়োজিত এই দিবসটির এবারের প্রতিপাদ্য ‘চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি’।

শনিবার সকাল ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের ভানুগাছ সড়কে জেলা পরিষদের অডিটরিয়ামে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর চা শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হবে।

চা দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো: আতাউর রহমান খান, এনডিসি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো: মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে চা শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন ও চা শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরবেন।

অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ হলো ‘জাতীয় চা পুরস্কার ২০২৬’ প্রদান। দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে। বিশেষ চমক হিসেবে, এ বছর প্রথমবারের মতো ‘শ্রেষ্ঠ বটলিফ চা কারখানা’ ক্যাটাগরিতেও পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘জাতীয় চা পুরস্কার নীতিমালা-২০২২’ অনুযায়ী, একরপ্রতি সর্বোচ্চ চা উৎপাদনকারী বাগান হিসেবে এ বছর ‘জাতীয় চা পুরস্কার-২০২৬’ অর্জনের জন্য নির্বাচিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রী গোবিন্দপুর চা বাগান।

এছাড়াও চা দিবসে বাংলাদেশ চা বোর্ড এবং দেশের শীর্ষস্থানীয় চা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে দিনব্যাপী একটি চা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত: প্রতিবছর ২১ মে জাতীয় চা দিবস পালিত হলেও, এ বছর বিশেষ কারণে দিবসটির আনুষ্ঠানিক উদযাপনের তারিখ ২০ জুন নির্ধারণ করা হয়েছে। দেশের ১৭২টি চা বাগান এবং উত্তরাঞ্চলের সমতল ভূমিতে চা চাষের ক্রমবর্ধমান প্রসারের প্রেক্ষাপটে এই আয়োজন চা শিল্পে নতুন গতির সঞ্চার করবে বলে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com