সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে সচেতনতামূলক সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ ও ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইন প্রতিরোধে স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৮ জুন বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের জুলেখানগর চা-বাগানের নাটমন্দিরে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জিয়াউর রহমান।
সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো: আব্দুর রাজ্জাক, জুলেখানগর বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো: আমজাদ হোসেন, শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, জুলেখানগর চা-বাগানের ব্যবস্থাপক মো: শাহজাহান, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মো: শাহজাহান, বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সবাইকে সচেতন করা হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সকলের সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে পুশ-ইন এবং মাদকের অনুপ্রবেশ কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।



মন্তব্য করুন