র‌্যালী ও আলোচনার মধ্যদিয়ে শ্রীমঙ্গলে ১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

July 1, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : ১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কয়েক হাজার সাঁওতাল অধিবাসীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

মঙ্গলবার ৩০ জুন সকালে সাঁওতাল সমাজকল্যাণ পরিষদ, মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে অনুষ্ঠানস্থলের সামনে স্থাপিত বিদ্রোহী নেতা সিধু ও কানুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত সাঁওতাল নারী-পুরুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বালিশিরা ভ্যালির সাঁওতাল পারগানা ও প্রবীণ সাঁওতাল নেতা সুজিত সাঁওতালের সভাপতিত্বে এবং দুলাল সাঁওতাল ও স্বপন সাঁওতালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, বাংলাদেশ চা শ্রমিক আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বারাইক, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বঙ্গকবি লুৎফুর রহমান, শ্রীমঙ্গল সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি মশিউর রহমান রিপন এবং হাজী আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক প্রদীপ সাঁওতাল, সাঁওতাল সমাজের নেতা রাজচরণ সাঁওতাল, কলল সাঁওতাল,  শ্যামল সাঁওতাল, নিশেশ সাঁওতাল, বিষু সাওঁতাল, জয়মনি সাঁওতাল প্রমূখ।

বক্তারা বলেন, ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে আদিবাসী জনগোষ্ঠীর আত্মমর্যাদা, অধিকার ও অস্তিত্ব রক্ষার এক ঐতিহাসিক সংগ্রাম। সিধু, কানু, চাঁদ, ভৈরব, ফুলমনি ও ঝানুর আত্মত্যাগ বাংলাদেশের উপমহাদেশের মুক্তি-সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে এ গৌরবময় ইতিহাস তুলে ধরা এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। পরে সাঁওতাল ভাষায় সংগীত এবং সাঁওতাল জনগোষ্ঠীর শিল্পীদের মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার সাঁওতাল নারী-পুরুষ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আদিবাসী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com