রাজনগরে আসহায় বন্যার্তদের পাশে মানবিক সহায়তায় পুলিশ

July 14, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে রাজনগরে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ এবং বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে সিলেট রেঞ্জ পুলিশ।

মঙ্গলবার ১৩ জুলাই সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের একামধু বেড়িবাঁধ এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্লুর রহমান।

এসময় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, তেল, পিয়াজ, লবণ, আলু, চিড়া, মুড়ি, বিস্কুটসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

একই সাথে চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের জন্য আয়োজন করা হয়েছে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প। মৌলভীবাজার পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে বন্যার্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান, ওষুধ, ওরস্যালাইন এবং বিশুদ্ধ পানির জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে ডিআইজি ড. মো: জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তার পাশাপাশি যেকোনো দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে বদ্ধপরিকর। আকস্মিক বন্যায় এই অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক দায়িত্ব। বাংলাদেশ পুলিশ সবসময় সকল দুর্যোগে পাশে ছিল এবং থাকবে। সরকারের পাশাপাশি রেঞ্জ পুলিশের এই ক্ষুদ্র প্রয়াস বন্যা কবলিত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।

অনুষ্ঠানে বিশেষ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বন্যা কবলিত এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রেসক্রিপশন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। বন্যায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে এই ক্যাম্পটি বন্যা দূর্গতদের সহায়ক হয়।

ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ারুল হক, পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম, পুলিশ সুপার আমিনুল ইসলাম, মৌলভীবাজারের পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) নভেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি।

ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বন্যার্তরা সিলেট রেঞ্জ পুলিশ ও মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com