কুলাউড়ায় মেয়র পদে নির্বাচনের ঘোষণা বিএনপি সভাপতি বাচ্চু

July 29, 2026,

মাহফুজ শাকিল : কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার একাধিক বারের প্যানেল মেয়র মোঃ জয়নাল আবেদীন বাচ্চু। একই সঙ্গে দলে বিভাজন সৃষ্টির অভিযোগ তুলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের বার বার প্রার্থিতা পরিবর্তনের তীব্র সমালোচনা করেছেন তিনি।

মঙ্গলবার ২৮ জুলাই রাত ৮টায় কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জয়নাল আবেদীন বাচ্চু এসব কথা বলেন।

তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বলেন, ‘উনি (বদরুজ্জামান সজল) কোন নির্বাচন করবেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না’। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে বদরুজ্জামান সজল ৫ই আগস্ট ২০২৪-এর পর তিনি একেক সময় একেক পদে নির্বাচন করার ঘোষণা দেন। একটা লোক কয়টা নির্বাচনের ঘোষণা দেন? সর্বপ্রথম থানার সম্মুখে বিলবোর্ড টাঙিয়ে সংসদ নির্বাচন (বিগত ত্রয়োদশ) করার আগ্রহ প্রকাশ করেন। এরপর বাসায় সাংবাদিক ডেকে উপজেলা নির্বাচন করার ঘোষণা দিলেন। পরবর্তীতে বর্তমান এমপি মহোদয়ের বাসায় সাংবাদিকদের উপস্থিতিতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। সর্বশেষ ২৭ জুলাই রাতে তিনি পৌর নির্বাচনে প্রার্থীতার ঘোষণা দেন। তাই জনগণের কাছে এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে- উনি (বদরুজ্জামান সজল) কোন নির্বাচন করবেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের এই ঘোষণা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে টানা পাঁচ বার কুলাউড়া পৌরসভার কাউন্সিলর এবং তিনবার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়া বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব সামলানোর সুবাদে পৌরসভার প্রতিটি এলাকার সমস্যা ও মানুষের সাথে আমার সম্পর্ক রয়েছে। গত ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পৌর পরিষদ বিলুপ্ত হলে পৌরবাসীকে সেবা দেওয়ার লক্ষ্যে মেয়র পদে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে পৌর এলাকার বিভিন্ন মসজিদসহ হিন্দু-মুসলিম সর্বস্তরের মানুষের সাথে যোগাযোগ করে দোয়া ও সহযোগিতা চেয়েছি। দলমত সর্বস্তরের জনগণের ভালোবাসা আমাকে শক্তি, প্রেরণা জুগিয়েছে। তাই আসন্ন কুলাউড়া পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করলাম। পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে জয়নাল আবেদীন বাচ্চু আরো বলেন, পৌর এলাকার রাস্তাঘাট, ড্রেন ও কালভার্টর উন্নয়ন, যানজট মুক্ত শহর গঠন এবং কুলাউড়াকে একটি ‘মডেল পৌরসভা’ হিসেবে দাঁড় করাতেই তিনি নির্বাচনে অংশ নিবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com