বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উদ্যোগে বদরুজ্জামান সজলকে সংবর্ধনা

এইচ ডি রুবেল : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক শিক্ষক, রাজনীতিবিদ ও সমাজসেবক বদরুজ্জামান সজল-কে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্প্রতি কুলাউড়া শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সুমন সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ফখর উদ্দীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বদরুজ্জামান সজল দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর মতো একজন শিক্ষানুরাগী ব্যক্তির নেতৃত্বে রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, কুলাউড়ার প্রাথমিক শিক্ষার উন্নয়নে বদরুজ্জামান সজলের অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে সংবর্ধিত অতিথি বদরুজ্জামান সজল উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



মন্তব্য করুন