শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে দ্বিতীয় সেমিস্টার ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর বুধবার শহরের কালিঘাট রোডস্থ স্কুল প্রাঙ্গণে প্রাইমারি ও হাইস্কুল শাখার উদ্যোগে পৃথকভাবে এ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এহসানুল হক এর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় দুটি পর্বের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সকাল ১১টায় আয়োজিত প্রাথমিক শাখার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ। অন্যদিকে, দুপুরে হাইস্কুল শাখার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ। সমাবেশে ফলাফল প্রকাশের পর উপস্থিত অভিভাবক ও অতিথিরা প্রতিষ্ঠানের সার্বিক পড়ালেখার মানোন্নয়ন, অবকাঠামোগত সুবিধা এবং সাফল্য তুলে ধরে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। পরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটেন শিক্ষক ও অতিথিরা।
অনুষ্ঠানে স্কুলের প্রিন্সিপাল মো. এহসানুল হক বলেন, “ফলাফল শুধু একটি নম্বর বা গ্রেড নয়—এটি আমাদের সন্তানদের পরিশ্রম, স্বপ্ন ও এগিয়ে যাওয়ার একটি ধাপ। ফলাফল যেমনই হোক না কেন, তাদের পাশে থেকে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতে হবে। প্রতিটি শিক্ষার্থীর সাফল্যই আমাদের গর্ব।”
শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিবান্ধব সেবার কথা উল্লেখ করে তিনি আরও জানান, অভিভাবকরা এখন ঘরে বসেই এক ক্লিকে ওয়েবসাইটের মাধ্যমে কিংবা মোবাইল অ্যাপ এর সাহায্যে সন্তানের পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। এছাড়া ওয়েব ও অ্যাপের মাধ্যমে মাসিক বেতন পরিশোধ, ক্লাস-পরীক্ষার রুটিন, সিলেবাস, সাজেশনসহ নানাবিধ প্রাতিষ্ঠানিক সেবা সহজে গ্রহণ করা যাবে।



মন্তব্য করুন