গাড়ী পোড়ানো মামলায় শ্রীমঙ্গলে বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ গাড়ী পোড়ানোর বিশেষ ক্ষমতা আইনে এক মামলায় শ্রীমঙ্গলে উপজেলা বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়েছে।
২০১৫ সালে দেশজুড়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোটের ডাকে দেশব্যাপী অবরোধ কর্মসূচী চলছিল। ওই বছর ২২ জানুয়ারী উপজেলার ভৈরববাজার এলাকায় একটি ট্রাকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ট্রাকের হেলপার সাইজুদ্দিন সাজু (৪২) এর শরীরের অংশ বিশেষ দগ্ধ হয়।
শ্রীমঙ্গল থানায় দায়ের কৃত মামলায় গত ১০ জুলাই মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. রফিকুল ইসলাম এর আদালতে এ চার্জ গঠন করা হয়। মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন-মৌলভীবাজার জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ আলী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি সরফরাজ আলী বাবুল, জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার আমীর আব্দুল আউয়াল, জামায়াত নেতা মৌলানা সিরাজুল ইসলাম চৌধুরী, আব্দুল ওয়াহিদ, ছাত্র শিবির নেতা হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হক তরফদার,ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত রবিন, সাংবাদিক এমএ রকিব ও সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক সাইফ উদ্দিন সিদ্দিকী সাবলু, পৌর যুবদলের আহবায়ক গাজী আশরাফুল আলম টিটু ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন।
মামলার সূত্রে জানা যায়, ২২ জানুয়ারী রাতে ২০১৫ সালের দাখিল পরীক্ষার গোপনীয় কাগজপত্র আনার জন্য পৃুলিশ স্কটের মাধ্যমে পুলিশ লাইন মৌলভীবাজার স্কট সিসিনং ৫৬/১৫ সহ পুলিশ ফোর্স ঢাকা মেট্রো -ট ১৬-০০৯০ নং ট্রাকযোগে মৌলভীবাজার হতে ঢাকার বিজি প্রেস এর উদ্দেশ্যে রওনা হয়।
ঐদিন রাত ১১ টায় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরব বাজারের পাশে ঢাকা-মৌলভীবাজার রোডের পাকা রাস্তায় পৌঁছামাত্র ২০ দলীয় জোটের ডাকা অবরোধকারীরা ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করে বলে মামলায় উল্লেখ করা হয়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানার তৎকালীন উপ-পরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ৪৪ জন নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করেন। পরবর্তীতে এ মামলায় স্থানীয় ৫ সাংবাদিকসহ ৪৮জন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।



মন্তব্য করুন