মৌলভীবাজার মঞ্চস্থ হলো যাত্রা নাটক ‘মমতাময়ী মা’

স্টাফ রিপোর্টার॥ ‘যাত্রা-যাত্রা-যাত্রা!’ শীত মৌসুমে ভরাট কণ্ঠের সেই প্রচারণা এখন আর শোনা যায় না। গ্রামবাংলার যাত্রা আসরের সেই জৌলুষও এখন আর নেই। ক্রমশ হারিয়ে যাচ্ছে যাত্রাপালার ঐতিহ্য। হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য ধরে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় ৬৩ জেলার প্রতিটি জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে যাত্রা নির্মাণ প্রকল্পের ধারাবাহিকতায় এবার মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মঞ্চস্থ করলো সামাজিক একটি কাহিনী নিয়ে, আবহমান বাংলার সংস্কৃতি যাত্রা শিল্পের আদলে নাটক ‘মমতাময়ী মা’।
৪ নভেম্বর সন্ধ্যায় এম সাইফুর রহমান অডিটোরিয়ামে “শিল্পের শহর মৌলভীবাজার” শিরোনামে নাটকটি মঞ্চস্থ হয়। যাত্রা শিল্পের আদলে নাটক ‘মমতাময়ী মা’ যেখানে প্রেম, বিরহ, দ্বন্ধ, সংঘাত, বেদনা, মিলন সবই ছিল। নির্মল কুমার মুখোপাধ্যায় এর রচনায় নাটকটি নির্দেশনায় ছিলেন হিমাংশু নাহা হীমু। নাটকটি মঞ্চায়ন করেন মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি রেপার্টী দল। দীর্ঘদিন পর এরকম একটি যাত্রা পালা মৌলভীবাজারে মঞ্চস্থ হওয়ায় দর্শকরা প্রাণভরে উপভোগ করেন নাটকটি।
এর আগে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেলা পর্যায়ে “শিল্পের শহর ” কর্মসূচী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ফজলুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন,স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু।



মন্তব্য করুন