সিকৃবি শিক্ষার্থী ‘হত্যাকারী’ সেই চালক ও সহকারীর পক্ষে শ্রমিক ধর্মঘট : পুলিশী হয়রানি বন্ধসহ ৭ দাবিতে মৌলভীবাজারে ধর্মঘট চলছে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজাররে পরিবহন শ্রমিক ধর্মঘটে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছে স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও কর্মজীবি সাধারণ মানুষ। যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ।
২৩ মার্চ বিকেলে ঢাকা-সিলেট রোডের মৌলভীবাজারের শেরপুর এলাকায় সিলেট কৃষি বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থী ঘোরী মোঃ ওয়াসিম আব্বাসকে উদার পরিবহনের একটি বাসে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের সহকারী ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ওয়াসিমের মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চালক জুয়েল, হেলপার মাসুককে আটক করে।
এ ঘটনায় ২৫ মার্চ সিকৃবির প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কু-ু বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় বাসের চালক, সহকারী ও সুপারভাইজার সেবুল মিয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। চালক ও হেল্পার গ্রেপ্তার হলেও বাসের সুপার ভাইজার এখনও পলাতক রয়েছেন। চালক ও হেল্পার আদালতে শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দিও প্রদান করে।
শিক্ষার্থী ‘হত্যাকারী’ সেই চালক ও সহকারীর পক্ষে ঘর্মঘটে নেমেছে পরিবহন শ্রমিকরা। শ্রমিকরা চালক ও সহকারীকে হত্যা মামলা থেকে অব্যাহতি প্রদানসহ ৭ দফা দাবিতে মৌলভীবাজার সহ সিলেট বিভাগে আজকের ২৯ এপ্রিল সোমবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটে মৌলভীবাজার জেলার সাথে সবকটি উপজেলার যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের চাঁদনীঘাট, কুসুমবাগ, শমসেরনগর সড়ক ও ঢাকা-সিলেট বাসস্ট্যান্ডে সিএনজি, ট্রাক ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দরা জানান, মামলার এজাহারে ৩০২ ধারা যুক্ত করা নিয়ে তাদের আপত্তি, ৩০২ এর পরিবর্তে ৩০৪ যুক্ত করার দাবী তাদের।
শ্রমিকরা চালক ও সহকারীকে হত্যা মামলা থেকে অব্যাহতি ৩০২ ধারা বাতিল, সড়ক পরিবহনের আইনের কয়েকটি ধারার সংশোধন, এক জেলার গাড়ি অন্য জেলায় রিকুজিশন না করা এবং রিকুজিশন কালীন সময়ে শ্রমিকদের খুরাকি ও ফুয়েল প্রদান করা, সড়ক চেকিংয়ের নামে যত্রতত্র গাড়ি থামিয়ে পুলিশি হয়রানী বন্ধকরা, রাত্রি বেলায় ট্রাক চেকিং বন্ধ করা, একাধিক স্থানে গাড়ি চেকিং না করে জেলার নির্দিষ্ট কোন স্থানে গাড়ি চেকিং করা, রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি চালিত অটোরিকশা বন্ধ করা, রেকারিং এর নামে পুলিশ চাঁদাবাজি বন্ধ করা, সড়ক ও মহা সড়কে বিভিন্ন সেতুতে টোল আদায় বন্ধ করাসহ ৭ দফা দাবিতে মৌলভীবাজারসহ সিলেট বিভাগে আজ সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দেয়।



মন্তব্য করুন