শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধার সন্তানের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে হামলাকারী আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধার সন্তান শওকত আহমেদ।
১০ মে শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবী জানান শওকত আহমেদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ মে মৌলভীবাজার কোর্ট থেকে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে পৌর শহরের সুলতানপুর পয়েন্টে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আমার ছোট ভাই মোতাহার হোসেন রাজন গুরুতর আহত হয়েছেন। তিনি বলেন, প্রতিবেশী উফরু মিয়া (৫৫) সাবেক ইউপি নির্বাচনে তার পক্ষে কাজ না করা ও তার প্রতিবেশী শাহিন ভিসা দেয়ার কথা বলে আমার কাছ থেকে নগদ ৩ লক্ষ টাকা নেন। পরবর্তীতে ভিসা না দেয়ায় আমি বাদী হয়ে কাতার প্রবাসী শাহিন ও তার স্ত্রী আলেয়া বেগমকে আসামী করে একটি মামলা দায়ের করি। পরবর্তীতে প্রবাসী শাহিনের স্ত্রী আলেয়া বেগম আমরা ৪ ভাইকে আসামী করে পাল্টা আরেকটি মামলা করেন। ওই মামলায় রোববার মৌলভীবাজার কোর্টে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে পৌর শহরের শাহ মোস্তফা রোডের সুলতানপুর পয়েন্টে পৌছা মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪/৫ জন লোক আমাদের সিএনজি আটকিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করেন। এসময় আমার ভাই রাজনকে লক্ষ করে সন্ত্রাসীরা দা দিয়ে কোপ দিতে চাইলে সে বাম হাত দিয়ে আটকায়। এতে তার বাম হাতের কব্জির উপরে কেটে যায়। পরবর্তীতে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডাক্তাররা তাকে সিলেট ওসমানি মেডিকেলে রেফার করে দেন। এ ঘটনায় পুলিশ মাত্র একজন আসামীকে গ্রেপ্তার করে ,কিন্তু মূল আসামীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। অনিতিবিলম্বে সকল আসামীকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে দাবী জানান শওকত আহমেদ ও মুক্তিযোদ্ধারা। এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক অমুলেন্দু পাল,সহ কমান্ডার আব্দুল কাদির শালু,সহ কমান্ডার মো আবদুস সোবহান,সহ কমান্ডার আব্দুল মান্নান। এ ব্যপারে মো: উরফু মিয়া বলেন, তাদের সাথে আমার কোন আয় দায় নেই। তাদের এ ঘটনার সাথে তিনি কোন ভাবেই সম্পৃক্ত নন।



মন্তব্য করুন