ধলাই নদীতে পানি কমলেও বাড়ছে মনু নদীতে

আশরাফ আলী॥ ভারতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মৌলভীবাজারের মনু নদীর পানি বাড়ছে। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে মনু ও ধলাই নদীর ৫৬টি প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। বাঁধগুলো রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি গ্রামবাসীরা কাজ করছে।
ধলাই নদীতে পানি কমলেও বাড়ছে মনু নদীতে। তাই মনু ও ধলাই পারের বসতিপূর্ণ এলাকাগুলোতে দেখা দিয়েছে আতঙ্ক। ইতিমধ্যে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ২০ মিটার ভেঙ্গে কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের রামপাশা এলাকাসহ আরও কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। এমতাবস্থায় নদীর প্রতিরক্ষা বাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সন্ধ্যা ৬টা পর্যন্ত পাউবো সূত্রে জানা যায়, মনু নদীর মৌলভীবাজার অংশে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে ধলাই নদীর পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে ও মনু নদীর কুলাউড়া অংশে বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
অপরদিকে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা মোকাবিলায় মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তথ্য কেন্দ্র খোলা হয়েছে।
এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী বৈঠক শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মো. ফজলুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী সহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী জানান, বৃষ্টির কারণে ও উজানি ঢলে নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমরা তৎপর। এছাড়া জনসাধারণকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মনু নদীতে পানি বাড়ছে। মনু নদীর ৪৬টি ঝুকিপূর্ণ স্থানে সার্বক্ষণিক পাহারা ও ত্রুটিপূর্ণ স্থানে মেরামত চলছে।



মন্তব্য করুন