ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে মৌলভীবাজারে চারিদিকে ডেঙ্গু আতংঙ্ক

July 28, 2019,

আশরাফ আলী॥ মৌলভীবাজার জেলায় ডেঙ্গু আক্রান্ত রুগীর সংখ্যা বাড়ছে। চারিদিকে ডেঙ্গু আতংঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার বিকেল পর্যন্ত মৌলভীবাজারে ডেঙ্গু আক্রান্ত রুগীর সংখ্যা ছিল ১১ জন। ডেঙ্গু আক্রান্তরা ঢাকা থেকে এ রোগে আক্রান্ত হয়ে এসেছেন। তবে একজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন চিকিৎসকরা। মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেছেন।

মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১১জন। এদের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন চিকিৎসা নিচ্ছেন, ৩ জন প্রাইভেট ক্লিনিকে এবং ২ জন সিলেটে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা সুস্থ হয়েছেন বলে নিশ্চিত করেছে মৌলভীবাজার জেলা সিভিল সার্জনের কার্যালয়। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার জন্য সদর হাসপাতালের চতুর্থ তলায় আলাদা ডেঙ্গু কর্ণার চালু করা হয়েছে।

মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রহমান আলী খান ও সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার হেলু মিয়ার পুত্র মারাজ মিয়া (৩৫)।  ডেঙ্গু আক্রান্ত রহমান আলী খান জানান, তার পাশের একজন শিক্ষার্থী ঢাকা থেকে হোস্টেলে ফেরার পরপরই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চারদিন যাবত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও বিশ্রামে রাখতে হবে। আক্রান্তদের প্রচুর পানি ও তরল খাবার খাওয়াতে হবে। ডেঙ্গু আক্রান্তরা অন্য কোন ঔষধ সেবন না করে শুধু মাত্র প্যারাসিটামল খাবেন। এবং লেবুর শরবত পান করবেন। ডেঙ্গু মোকাবেলায় জনসাধারণকে মশারি টাঙ্গিয়ে ঘুমোতে বলছেন চিকিৎসকরা।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী বলেন, ডেঙ্গু মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। মৌলভীবাজার জেলায় ২৫০ শয্যা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রস্তুতি রয়েছে।

এদিকে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ওয়ার্ডে ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু সনাক্তকরণ (রেপিড টেস্ট) মেশিন মৌলভীবাজার-২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রদান করা হয়েছে। রোববার (২৮ জুলাই) দুপুরের দিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: পার্থ সারথী পাল কাননগো’র কক্ষে সিভিল সার্জন ডা: শাহজাহান কবির চৌধুরীর হাতে এসব ডিভাইস হস্তান্তর করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে ২৫ জুলাই হতে বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালী, প্রচারণাসহ নানা কর্মসূচী চালিয়ে আসছি। তিনি বলেন প্রতিদিন পৌরসভার ৬০ জন পরিচ্ছন্নকর্মী একাজে যুক্ত আছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com