ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়ে ২৫ জনে

July 31, 2019,

আশরাফ আলী॥ মৌলভীবাজার জেলায় ডেঙ্গু আক্রান্ত রুগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন ডেঙ্গু রোগী বাড়তে থাকায় চারিদিকে ডেঙ্গু আতংঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার বিকেল পর্যন্ত মৌলভীবাজারে ডেঙ্গু আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৫ জনে। ডেঙ্গু আক্রান্তরা ঢাকা থেকে এ রোগে আক্রান্ত হয়ে এসেছেন। তবে একজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন চিকিৎসকরা।
মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৫জন। এদের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালে ৮ জন চিকিৎসা নিচ্ছেন, ৫ জন মৌলভী পলি ক্লিনিকে, ১ লাইফ লাইন হাসপাতালে এবং বাকী ৭ জন চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে আছেন। এছাড়া ৪ জনকে সিলেটে রেফার্ড করা হয়েছে।
যারা বাড়িতে আছেন তাদের অবস্থা গুরুত্বর নয়। তবে অবস্থা গুরুত্বর হলে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার জন্য সদর হাসপাতালের চতুর্থ তলায় আলাদা ডেঙ্গু কর্ণার চালু করা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। কিছু ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন বলে নিশ্চিত করেছে মৌলভীবাজার জেলা সিভিল সার্জনের কার্যালয়।
চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও বিশ্রামে রাখতে হবে। আক্রান্তদের প্রচুর পানি ও তরল খাবার খাওয়াতে হবে। ডেঙ্গু আক্রান্তরা অন্য কোন ঔষধ সেবন না করে শুধু মাত্র প্যারাসিটামল খাবেন। এবং লেবুর শরবত পান করবেন। ডেঙ্গু মোকাবেলায় জনসাধারণকে মশারি টাঙ্গিয়ে ঘুমোতে বলছেন চিকিৎসকরা।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী বলেন, ডেঙ্গু মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। মৌলভীবাজার জেলায় ২৫০ শয্যা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রস্তুতি রয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৌলভীবাজারে এখনো কারো মৃত্যু হয়নি। আক্রান্তরা তত বেশী গুরুত্বর নয়।
এদিকে বুধবার (৩১ জুলাই) দুপুরে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. সুব্রত কুমার, ডা. রতনদী বিশ্বাস কাছে নতুন করে আরোও একটি রেপিড টেস্ট ডিভাইস হস্তান্তর করেন। এবং ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে রোগীদের খোজখবর নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com