পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে শপথবাক্য পাঠ করালেন পরিবেশ মন্ত্রী

August 4, 2019,

স্টাফ রিপোর্টার॥ রাজধানীর কাওরান বাজারে পলিথিনের শপিং ব্যাগ বন্ধে এক জনসচেতনতামূলক উদ্বুদ্ধকরণ সভায় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে শপথবাক্য পাঠ করান পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি.।

৪ আগস্ট রবিবার সকালে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে  আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এম.পি.। পলিথিনের ব্যবহার ও বিক্রয় বন্ধ করার জন্য তিনি ব্যবসায়ী সমিতি ও জনসাধারণের প্রতি আহ্ববান জানান। ঢাকাসহ সারাদেশের  জলাবদ্ধতার জন্য পলিথিনের ব্যবহারকে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এখনো আমরা সকলে মিলে যদি এর ব্যবহার বন্ধ না করি তাহলে আমাদেরকে আরো কঠিন পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। কাওরান বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি দশ বছর আগের চেয়ে এখন অনেক ভালো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন যদি কোনো ধরনের চাঁদাবাজির খবর পাওয়া যায় সে যে-ই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

সভাপতির বক্তব্যে পরিবেশ মন্ত্রী বলেন, পলিথিনের ব্যবহার পরিবেশকে ক্রমাগত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এক সময় সবাই একটা পাটের ব্যাগ নিয়ে বাজারে যেত। এখন পলিথিনে বাজার করে মানুষ ঘরে ফেরে। এতে করে আমাদের পাট শিল্প যেমন ক্ষতিগ্রস্থ হয়েছে তেমনি পলিথিন ব্যবহারের ফলে পরিবেশ বিপর্যয় ঘটছে। সম্প্রতি আমরা পাট দিয়ে তৈরি সোনালি ব্যাগ প্রস্তুত করতে সক্ষম হয়েছি। পরিবেশ মন্ত্রণালয় থেকে ১০ কোটি টাকা অর্থায়নে পাটকল কর্পোরেশনের মাধ্যমে সোনালি ব্যাগ তৈরির একটি পাইলট প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। শীঘ্রই সোনালি ব্যাগ ব্যাপকভাবে বাজারজাত করা যাবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার এম.পি বলেন, সবাই মিলে যদি পলিথিন বর্জন করি তাহলে আমাদের পরিবেশ বিপর্যয় ঠেকানো সম্ভব হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ. কে. এম. রফিক আহাম্মদ ও কাওরান বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com