ডেঙ্গু ভয়ে ঈদে দেশে আসছেন না প্রবাসীরা

August 7, 2019,

আশরাফ আলী॥ প্রবাসী অধ্যূসিত মৌলভীবাজার জেলা। প্রতি ঈদে পরিবার পরিজনের সাথে ঈদ কাটাবেন বলে প্রবাসীরা বাড়িতে আসেন। কিন্তু এবছর প্রবাসীরা দেশে আসছেন না ডেঙ্গুর ভয়ে। কিছু প্রবাসী দেশে আসলেও ডেঙ্গুর ভয়ে তারা আবার দেশ ছেড়ে চলে যাচ্ছেন। ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা সারাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বুধবার বিকেল পর্যন্ত সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯জন।

প্রবাসীরা দেশে না আসায় ঈদে ব্যবসা বাণিজ্যে এর প্রভাব পড়েছে। প্রবাসীরা দেশে আসলে ঈদের এই আগ মুহূর্তে কেনাকাটার ধূম পড়ত। কিন্তু এবছর কেনাকাটা একরকম নেই বললে চলে। মৌলভীবাজার জেলা শহরে কয়েকটি অভিজাত দোকান মালিকের সাথে কথা বলে জানা যায়, প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় বেশিরভাগ প্রবাসী দেশে আসেন ঈদ উৎযাপন করতে। এবছর ঈদুল ফিতরে প্রবাসীরা দেশে আসলেও ঈদুল আজহার সময় প্রবাসীরা দেশে আসছেন না। যার জন্য ঈদ উপলক্ষে কেনাকাটা খুব একটা হচ্ছেনা। আর প্রবাসীরা দেশে না আসার মূল কারণ হচ্ছে ডেঙ্গু জ্বর।

ঈদ উৎযাপনের জন্য লন্ডন প্রবাসী আতাউর রহমান সুমন দেশে এসেছেন পরিবার পরিজন নিয়ে। ডেঙ্গু তাদের আর দেশে থাকতে দেয়নি। ২২ আগস্ট লন্ডন যাওয়ার কথা থাকলেও ফ্লাইট এগিয়ে ৬ আগস্ট দেশ ছেড়েছেন। তার মতো ডেঙ্গু ভয়ে দেশে ছেড়েছেন লন্ডন প্রবাসী জুনেদ আহমদ ও মনসুর আহমদ।

মৌলভীবাজার বিজনেস ফোরামের সভাপতি ও এমবি ক্লথ স্টোরের স্বত্বাধিকারী নুরুল ইসলাম কামরান জানান, ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহায় ব্যবসা ৩০-৪০ ভাগ কম হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত হওয়ার ভয়ে অনেক প্রবাসী দেশে আসার কথা থাকলেও ইতিমধ্যে অনেকে ফ্লাইট বাতিল করেছেন। যার প্রভাব আমাদের ব্যবসায় পড়েছে।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com