ঈদকে সামনে রেখে মসলা বাজারে নারী পুরুষের ভীড়

August 8, 2019,

তোফায়েল পাপ্পু॥ ঈদের বাকি হাতেগুনা কয়েকদিন বাকি। ঈদকে সামনে রেখে মসলার বাজারে ভিড় করছেন ক্রেতারা। বিক্রেতারা জানালেন, মসলার বাজারে মানুষ আসতে শুরু করেছেন। বিক্রিও বেশ ভালো। তাঁরা আশা করছেন ঈদের আগের রাতে তাঁদের বিক্রি আরও জমবে।
এদিকে মসলার দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলেন, দেশে মসলার চাহিদা ও সরবরাহ ঠিক আছে।
শ্রীমঙ্গল বাজারে ঘুরে দেখা গেল ক্রেতারা মসলার দোকানে পুরুষের পাশাপাশি নারীরাও ভিড় করছেন আর কিনছেন নানা রকমের মসলা। এসব বাজারে মসলার মধ্যে বিভিন্ন ধরনের ছোট এলাচের দাম ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। ছোট এলাচ আকার ও রকম ভেদে বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে। দারুচিনি প্রতি কেজির দাম ৩০০ থেকে ৩১০ টাকা, লবঙ্গ ৯০০ থেকে ৯২০ টাকা, জিরা ২৮০ থেকে ৩৫০ টাকা, গোল মরিচ ৬৭০ টাকা, তেজপাতা ১৫০ থেকে ১৬০ টাকা, কাঁচা বাদাম ৯৫ থেকে ১০০ টাকা, কিশমিশ ২৯০ থেকে ৩০০ টাকা, কাঠবাদাম প্রতি কেজির দাম ৬৫০ থেকে ৭০০ টাকা।
মাংস রান্নার অন্যতম মসলা আদার দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। এক সপ্তাহ আগে যে আদা বিক্রি হতো ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে, বর্তমানে খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৬০ টাকা। এ ছাড়া পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা, চীনা রসুন ১৮০ থেকে ২০০ টাকা, দেশি রসুন ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিভিন্ন মুদি দোকানে প্যাকেটজাত মসলার নানা ধরনের গুঁড়ার মধ্যে প্রতি ১০০ গ্রাম ধনিয়ার গুঁড়া ৩৫ টাকা, মরিচের গুঁড়া ৪৬ টাকা, হলুদের গুঁড়া ৪২ টাকা, জিরার গুঁড়া ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
শ্রীমঙ্গল নতুন বাজারের মসলা বিক্রেতা মো: উসমান বলেন, ঈদের আগে আগে মানুষ মসলার বাজারে আসতে শুরু করে। আগের কয়েক দিনের তুলনায় এখন দোকানে মানুষ আসছে বেশি। বেচা-বিক্রিও বেশ ভালো। তিনি জানান আগের চেয়ে মসলার দাম কিছুটা বেড়েছে।
আরেক বিক্রেতা সুজন বলেন, ঈদে এলাচি, দারুচিনি, জিরার চাহিদা সবচেয়ে বেশি। এর বাইরে তেজপাতা কেনেন ক্রেতারা। মাংস, পোলাও, সেমাই রান্না করতে নানা ধরনের মসলা ব্যবহৃত হয়। তবে কোরবানি ঈদের মতো মসলা ঈদ উল ফিতরে বেশি বিক্রি হয় না। চাঁদরাতে মসলার বাজারে মানুষ সবচেয়ে বেশি ভিড় করে। এবারও চাঁদ রাতে বেশি ক্রেতা মসলার দোকানে ভিড় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাজারে মসলা কিনতে আসা হেমাস কন্জ্যুমার কেম্পানি প্রতিনিধি মো: দুলাল জানান, ঈদ উল ফিতরের চেয়ে কোরবানির ঈদে গরুর মাংস রান্না করার জন্য মসলার প্রয়োজন বেশী। ঈদের আগেই মসলা কিনে ঝামেলা শেষ করছি। দিন দিন বাজারে ভীড় বাড়বে তাই আগে ভাগেই মসলাসহ টুকটাকি বাজার শেষ করে নিচ্ছি। বাজারের ব্যবসায়ীরা মনে করছেন ঈদের আগের রাতে বিক্রি আরও বাড়বে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com