২৮ ডিসেম্বর শ্রীমঙ্গল সরকারি কলেজের সুবর্নজয়ন্তী উৎসব

December 21, 2019,

তোফায়েল পাপ্পু॥ ‘দু’টি পাতা একটি কুঁড়ির দেশ’ সিলেটের নৈর্সগিক সৌন্দর্যের লীলাভূমি চা-এর রাজধানী বলে খ্যাত ঐতিহাসিক জনপদ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা। শ্রীমঙ্গল শহরের পূর্বপাশে ৫ একর ভূমিতে প্রাচীর ঘেরা দৃষ্টিনন্দন মনোরম পরিবেশে ‘শ্রীমঙ্গল সরকারি কলেজ’ ক্যাম্পাস অবস্থিত। ১৯৬৯ সনে শ্রীমঙ্গল কলেজটি স্থাপিত হওয়ার পূর্ব পর্যন্ত এই জনপদে উচ্চ শিক্ষা লাভের জন্য কোনো বিদ্যাপিঠ না থাকায়, স্থানীয় শিক্ষানুরাগী ও নিবেদিত প্রাণ ব্যক্তিবর্গের উদ্যোগ ও প্রচেষ্টার ফলে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। কলেজের প্রতিষ্ঠাকাল ০১.০৭.১৯৬৯ খ্রিঃ। এলাকার জনগণের আশা-আকাঙ্খা ও দাবীর প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৮৫ সালে ১লা জুলাই থেকে কলেজটিকে সরকারিকরণ করে।
গত ১ জুলাই শ্রীমঙ্গল সরকারি কলেজের পঞ্চাশ বছর পূর্তী হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘শ্রীমঙ্গল সরকারি কলেজের ৫০ বছর পূর্তী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে সুবর্ণ জয়ন্তী উৎসব। কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মিলে সুবর্ণ জয়ন্তী উৎসব নিয়েছেন। এসো মিলি প্রাণের মেলায়- এই শ্লোগান নিয়ে অনুষ্ঠিতব্য উৎসবের শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে এখন।
এ উপলক্ষে সুবর্ণ জয়ন্তীর বর্ণিল উৎসবে কলেজের ৫০টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন। এজন্য নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। শ্রীমঙ্গল সরকারি কলেজের ৫০ বছর উদযাপন পরিষদ সুত্রে জানা যায়, ২৮ ডিসেম্বর রয়েছে দিনব্যপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন। সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গণে ওই দিনের অনুষ্ঠান সূচিতে যা থাকছে: সকাল ৮ঃ৩০ মিনিট- অভ্যর্থনা ও পরিচয়পত্র সংগ্রহ, সকাল ৯ঃ৩০ মিনিট- জাতীয় পতাকা ও উৎসব পতাকা উত্তোলন, সমেবেত কণ্ঠে জাতীয় সংগীত, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত, সকাল ১০ঃ০০ মিনিট- যাঁদের হারিয়েছি তাঁদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন, সকাল ১০ঃ০৫ মিনিট – আনুষ্ঠানিক উদবোধন, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা, দুপুর ১ঃ০০ – ২ঃ৩০ মিনিট- নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি, বেলা ২ঃ৩০ মিনিট – ব্যাচভিত্তিক স্মৃতিচারণ ও ফটোসেশন, সন্ধ্যা ৫ঃ৩০ মিনিট- ফানুস উড্ডয়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ৮ঃ৩০ মিনিট – অনুষ্ঠানের সমাপনী। সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবেন ইত্যাদি অনুষ্ঠানে পরিচালক হানিফ সংকেত, বিখ্যাত সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিত, আখিঁ আলমগীর ও চিরকুট ব্যান্ডের পিন্টু ঘোষ। এই আয়োজনের মিডিয়া সহযোগী হিসেবে যুক্ত হয়েছে আই নিউজ এবং যমুনা টেলিভিশন।
উৎসব উদযান পরিষদের আহবায়ক সৈয়দ মনসুরুল হক জানান, উপজেলার প্রাচীন এই বিদ্যাপীঠের পঞ্চাশ বছর পূর্তি উৎসবটি এখন পর্যন্ত কলেজের সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবেই বিবেচিত হবে। প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ সার্বিকভাবে যুক্ত রয়েছে। কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী উৎসবে মিলিত হবেন। এজন্য সার্বিক প্রস্তুতি রয়েছে প্রায় শেষ পর্যায়ে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com