শ্রীমঙ্গলে বহুজাতিক কোম্পানীর নকল পণ্যে সয়লাব

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কর্তৃক ফিলিপস্সহ বহুজাতিক কোম্পানীর নামি দামী ব্রান্ডের নকল পণ্য বাজারজাত ও বিক্রির অভিযোগ পাওয়া গেছে। শহরের সোনার বাংলা মার্কেট এলাকায় নকল এসব পন্য মজুদ ও বেচাকেনা চললেও প্রশাসনের পক্ষে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না, ফলে গ্রাহকরা এসব নকল পণ্য কিনে দিনের পর দিন প্রতারিত হচ্ছেন। অন্য দিকে সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
জানা গেছে, ২২ মার্চ রোববার দুপুরে ঐ এলাকার আঁখি টেলিকম নামে একটি দোকানে নকল ফিলিপস্ পণ্য কেনার বেচার অভিযোগে স্থানীয় ব্যবসায়ীরা ২ বস্তা নকল ফিলিপস্ বাল্ব আটক করে। এসময় আঁখি টেলিকমের স্বত্বাধিকারী এনায়েত খাঁনকে আটক করে স্থানীয় ব্যবসায়ীরা। এসময় এনায়েত খাঁন কম দামে নকল ফিলিপস্ বাল্ব ঢাকা থেকে সংগ্রহ করে স্বল্প আয়ের মানুষের কাছে বিক্রির কথা স্বীকার করেন। তিনি ভবিষ্যতে আর নকল পণ্য বিক্রি করবে না প্রতিশ্রুতি দিয়ে তার গুদামজাতকৃত প্রায় ২ লাখ টাকা মূল্যের কয়েক বস্তা নকল ফিলিফস্ বাল্ব প্রকাশ্যে ধ্বংস করেন।
স্থানীয়রা জানান, দোকানটিতে বিভিন্ন নামি দামী ব্রান্ডের নকল পণ্য বিক্রি করা হলেও দেখার যেন কেউ নেই।
শ্রীমঙ্গলের সোনার বাংলা মার্কেটের ইলেক্ট্রিক পণ্য ব্যবসায়ী ফিলিফস্ এর ডিষ্টিবিউটর আব্দুল বারী বেলাল জানান, আমরা সরকারকে ভ্যাট ট্যাক্স পরিশোধ করে বৈধভাবে পণ্য এনে বিক্রি করতে পারিনা। অথচ মানহীন নকল পণ্য এনে অসাধু ব্যবসায়ীরা অল্প দামে বিক্রি করছে। ফলে বৈধ ব্যবসায়ী হিসেবে আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি।
ফিলিফস্ পণ্য সংযোজন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড এর রিজিওন্যাল ম্যানেজার (সিলেট বিভাগ) মো. আরিফুজ্জামান বলেন, বহুজাতিক কোম্পানী ফিলিপস্ এর সুনাম অক্ষুন্ন রাখতে আমরা বদ্ধ পরিকর। কিছু অসাধু ব্যবসায়ী নকল ফিলিপস্ পণ্য তৈরী, মজুদ ও কেনাবেচা করে সাধারণ মানুষদের প্রতারিত করছে। যা আইনত: অপরাধ। তিনি বলেন শ্রীমঙ্গলে আঁখি টেলিকম নামে প্রতিষ্ঠানে যে নকল পণ্য উদ্ধার হয়েছে সে বিষয়ে আমরা অচিরেই আইনের আশ্রয় নেব।
যোগাযোগ করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এর সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমতিরি সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন বলেছেন, কোন ব্যবাসয়ী যদি নকল পন্যের ব্যবসা করেন সেক্ষেত্রে ব্যবসায়ী সমিতি তার দায় বহন করবে না।
শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন জানান, করোনা প্রতিরোধের বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ততার কারনে পরবর্তিতে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলে জানান।



মন্তব্য করুন