বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৯ আগস্ট দিনব্যাপী শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আদিবাসী সাংস্কৃতিক কমিটির আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে র্যালির উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ও সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। র্যালিতে আদিবাসীদের অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী সাংস্কৃতিক কমিটির সভাপতি পংকজ এ কন্দ।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী সাংস্কৃতিক কমিটির সাধারণ সম্পাদক জনক দেববর্মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নেরলা তেনসং, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা,সাংবাদিক আকমল হোসেন নিপু এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি হিরণময় সিংহ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে আদিবাসী সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন ঐতিহ্যবাহী নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হয়।



মন্তব্য করুন