মজুরি বৃদ্ধি, গেজেট বাতিলসহ ৪ দফা দাবিতে চা শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

August 9, 2026,

স্টাফ রিপোর্টার : চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০টাকা নির্ধারণ, গেজেট ২০২৩ বাতিল করা, চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তারিখ ঘোষণা করা, ভূমির অধিকার নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মৌলভীবাজার শহরে অনুষ্ঠিত হয়।

৯ আগস্ট রবিবার বিকালে মৌলভীবাজার চৌমুহনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ। বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা ইনচার্জ উজ্জ্বল রায়, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আবুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ নেতৃবৃন্দ। উক্ত দাবিতে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয় যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চরম দুর্মূল্যের বাজারে ১৮৭ টাকা দৈনিক মজুরি দেওয়ার মধ্য দিয়ে চা শ্রমিকদের সাথে মালিকরা চরম অন্যায় করছে। সরকার চা শিল্পকে একটি লাভজনক রফতানিমুখী শিল্প হিসেবে ঘোষণা করা হচ্ছে, অপরদিকে যারা পরম মমতা দিয়ে যেই চা শ্রমিকরা বাগানটাকে গড়ে তুলেছে সেই শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নি। যুগ যুগ ধরে এই শোষণ ব্যবস্থা একটা চরম দাসত্বের শৃঙ্খলে বন্দি করে রেখেছে এই জনগোষ্ঠীকে। এই বন্দিদশা থেকে চা শ্রমিকদের মুক্তি দিতে হবে। আমরা চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬০০ টাকা নির্ধারণের দাবি জোরালো ভাবে রাখছি। চা শ্রমিকদের সাথে প্রতারণার সামিল ৫% ইনক্রিমেন্ট প্রদানের গেজেট ২০২৩ বাতিলের দাবি এই সমাবেশ রাখছে। অবিলম্বে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করার দাবি রাখছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com