মৌলভীবাজারে হোম কোয়ারেন্টাইন ৫৫৮ জন, ছাড়পত্র পেয়েছেন ১৫১ জন

সাইফুল্লাহ হাসান॥ প্রবাসী অধ্যুষিত জেলা মৌলভীবাজারে বাড়েই চলছে হোম কোয়ারেন্টাইন (স্বেচ্ছাবন্দি) নির্দেশনায় থাকা মানুষের সংখ্যা।
বুধবার ২৫ মার্চ রাত পর্যন্ত কোয়ারেন্টাইন নির্দেশনায় পেয়েছেন ৫৫৮ জন। এদের অধিকাংশই ইউরোপ ও মধ্যপ্রাচ্য ফেরত প্রবাসী। আছেন প্রবাসীদের সংস্পর্শে আসা পরিবার ও কাছের লোকজন।
তবে এখনও নেই আক্রান্ত। এছাড়া ১৪ দিন পরও কোভিড-১৯ এর লক্ষণ দেখা না দেওয়ায় ১৫১ জনকে স্বেচ্ছাবন্দি থাকার নির্দেশনা থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান- শুধুমাত্র বুধবার (২৫ মার্চ) নতুন করে ২৪ ঘন্টায় ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এরমধ্যে সদরে ৭ জন, রাজনগরে ৮ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ৩ জন, জুড়ীতে ৩ জন।
এদিকে দেখা গেছে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় ৫৫৮ জনকে স্বেচ্ছাবন্দি থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শ্রীমঙ্গলে ১১৩ জন। কমলগঞ্জে ১০২ জন, কুলাউড়ায় ৭৮, জুড়ী ৭৭ জন, রাজনগরে ৭৫ জন, বড়লেখায় ৫৭ জন, মৌলভীবাজার সদরে ৫৬ জন।
এদিকে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন- যেহেতু এখনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। একমাত্র সচেতনতাই পারে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্বপ্রস্তুতি হিসেবে জেলায় বিভিন্ন হাসপাতালে ১১৬টি বেড প্রস্তুত রাখা হয়েছে।



মন্তব্য করুন