চুরি ডাকাতি রোধকল্পে এলাকা ভিত্তিক পাহাড়ার ব্যবস্থা করা প্রয়োজন-ওসি ছালেক

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে নারী নির্যাতন, ধর্ষণ, মাদক, জুয়া ও বাল্যবিবাহ, প্রতিরোধে বিট এলাকা ভিত্তিক পুলিশি-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সমাবেশে শীত মৌসুমকে সামনে রেখে চুরি-ডাকাতি রোধকল্পে এলাকা ভিত্তিক রাত্রিকালীন পাহারার ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাবি জানানো হয়।
পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশে এবং শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে উপজেলা আশিদ্রোন ইউনিয়নে অনুষ্ঠিত পুলিশ-জনতা সমাবেশে চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান জহর বর্ধন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক। সভায় শ্রীমঙ্গল থানার এসআই আব্দুল মালেক, স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় পাঁচ শতাধিক লোক উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ সহ সমাজের চলমান অপরাধ নির্মূলে পুলিশ-জনতা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব।
এছাড়াও তিনি বলেন, সামনে শীত মৌসুম। শীতে প্রতিটি এলাকায় চুরি ডাকাতি বেড়ে যায়, তাই আগে থেকে এলাকা ভিত্তিক পাহাড়ার ব্যবস্থা করা প্রয়োজন। এসময় উপজেলার প্রতিটি গ্রামে নিজেদের উদ্যোগে রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করতে অনুরোধ জানান। রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করতে শ্রীমঙ্গল থানা পুলিশ সব ধরনের সহায়তা করবে বলেও আশ্বাস দেন তিনি।



মন্তব্য করুন