শ্রীমঙ্গলে রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে (৩৩%) নারীর অংশগ্রহন নিশ্চিত করণে মাববন্ধন ও স্মারকলিপি

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে “গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে (৩৩%) নারীর অংশগ্রহন নিশ্চিত করণে মাববন্ধন ও শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ৫ নভেম্বর দুপুরে শহরের গুহ রোডে শ্রীমঙ্গল উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্তের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, অপরাজিতা প্রকল্পের জেলা প্রকল্প কো-অর্ডিনেটর (সমন্বয়কারী) মর্জিনা আক্তার, অপরাজিতা প্রকল্পের জেলা প্রজেক্ট কর্মকর্তা অমিয় বর্মন। জাতীয় পার্টি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হায়দার আহমেদ প্রমূখ।
এসময় মানববন্ধনে বক্তারা দাবী জানিয়ে বলেন, দলীয় মনোনয়নের ক্ষেত্রে দলকে সাহসী ও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। বিশেষত প্রত্যক্ষ নির্বাচনে নারীদের মনোনয়ন বৃদ্ধি করতে হবে। এলাকার নারীদের অবস্থা ও অবস্থান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে এমন নারী কর্মীকে মনোনয়ন দিতে হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এ এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে দলীয়ভাবে মনোনয়ন দেয়ার ব্যবস্থা করা। রাজনৈতিক দলের কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্ত করা। স্থানীয় পর্যায়ে কেবল মাত্র প্রতিকী অংশগ্রহন নয়, নারীর প্রত্যক্ষ অংশগ্রহন নিশ্চিত করতে হবে।রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে কার্যকরীভাবে অর্থাৎ সহ-সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে নারীদেরকে সম্পৃক্ত করা।
এসময় বক্তারা আরো বলেন, যেহেতু রাজনৈতিক দলগুলাে ২০২০ সালের মধ্যে তাদের কমিটিতে (৩০%) নারী অন্তর্ভূক্ত করার শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। সেহেতু নতুন সময়সীম হিসেবে রাজনৈতিক দলের কমিটিতে (৩৩%) নারী অন্তর্ভূক্তির শেষ সময়সীমা ২০২৫ সাল বেঁধে দেওয়া। সেক্ষেত্রে কেন্দ্র, জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক দলের কমিটিতে নারীর অন্তর্ভুক্তির সময়সীমা এবং এবিষয়ে প্রতি বছর অগ্রগতির হালনাগাদ প্রতিবেদন ইসির নিকট জমা দেওয়ার বিষয়টি আরপিওতে অন্তর্ভুক্ত করা। আরপিওতে সুনির্দিষ্ট করা প্রয়োজন যে, রাজনৈতিক দলের সম্পাদকমণ্ডলী বিশেষ করে সভাপতি/সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক যেকোন একটি গুরুত্বপূর্ণ পদে নারী অন্তর্ভুক্তিকরণে বিষয়টি আবশ্যক করতে হবে।
মানববন্ধন শেষে উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ নেছার উদ্দিন এবং শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সভাপতি/সম্পাদক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।



মন্তব্য করুন