বড়লেখায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৮ মেম্বারের অভিযোগ

October 15, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন তারই পরিষদের ৮ জন সদস্য। ১২ অক্টোবর বুধবার বিকেলে ইউপি মেম্বারগণ ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারী ইউপি মেম্বারগণ হলেন, মো. বদরুল ইসলাম, তাজুল ইসলাম, সঞ্জিব দাস, সঞ্জয় দাস, এনামুল হক, ছালেহ আহমদ, শুক্লা রাণী দাস ও হাজেরা বেগম।
ভুক্তভোগী ৮ ইউপি মেম্বারের লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান তথ্যসেবা কেন্দ্রে নিজের পছন্দের লোক বসিয়ে নাগরিক সনদ, উত্তরাধিকারী সনদ, জন্মনিবন্ধন, ট্রেডলাইসেন্স, অটোরিকশার লাইসেন্স প্রদানে ইচ্ছামাফিক অতিরিক্ত অর্থ আদায় করে পুরোপুরি জমা না দিয়ে আত্মসাৎ করছেন। খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের চালের কার্ড অনলাইন করার জন্য ১৪ টাকা নির্ধারণ করা হলেও ইউপি চেয়ারম্যান গরীব লোকদের কাছ থেকে ১৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করছেন। প্রতিবছর জুন মাসে ইউনিয়নের বাজেট অধিবেশন করার নিয়ম থাকলেও তিনি আয়-ব্যয়ের কোন হিসাব নিকাশ না করেই নিজের মনগড়া নিয়মে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে লাখ লাখ টাকার আর্থিক অনিয়ম ও আত্মসাৎ করছেন। ইউনিয়ন পরিষদের কোন কার্যক্রমেই তিনি ইউপি সদস্যদের সম্পৃক্ত করেন না। পরিষদের উন্নয়ন বরাদ্দ, বিভাজন ইত্যাদি কোন কিছু জানতে চাইলেই তিনি সদস্যচ্যুতির ভয়ভীতি প্রদর্শন করেন। ইউনিয়ন পরিষদের রেজ্যুলেশন ছাড়াই প্রকল্প জমা ও অনুমোদন আদায় করে প্রকল্প খাতের অর্থ আত্মসাৎ করছেন। ইউপি চেয়ারম্যান নিজের ছেলে আলী হায়দার টিপু, ভাগ্না হাবিবুর রহমানকে মৌখিকভাবে ইউনিয়নের বিভিন্ন সেক্টরের দায়িত্ব দিয়ে পরিষদের সকল আয়ের খাতে হস্তক্ষেপ করিয়ে অর্থ আত্মসাৎ করছেন।
চেয়ারম্যানের এসব অনিয়ম ও রেজ্যুলেশন বিহীন প্রকল্প অনুমোদন না করার জন্য ভুক্তভোগী ইউপি মেম্বাররা ইতিপূর্বে স্থানীয় সংসদ সদস্য ও সরকারের পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অবহিত করেছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান জানান, তিনি কোন দুর্নীতি করছেন না। ইউপি মেম্বাররা তার বিরুদ্ধে যা পারুক করুক। তার কিছু করার নেই।
ইউএনও সুনজিত কুমার চন্দ জানান, তালিমপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তার পরিষদের আটজন মেম্বার অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য তিনি সহকারী কমিশনার (ভুমি)’র নিকট পাঠিয়ে দিয়েছেন। প্রতিবেদন পাওয়ার পর এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com