ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা

April 4, 2023,

স্টাফ রিপোর্টার॥ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ৪ এপ্রিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলামের নেতৃত্বে জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজার, স্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, হোটেল ও রেস্টুরেন্টে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করে শমসেরনগর ফাঁড়ির পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষ্যে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর বাজারে অবস্থিত নিউ কুমিল্লা হোটেলকে ১০ হাজার টাকা, জনি হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা, শ্রীহরি স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com