কমলগঞ্জে ছেলের দায়ের কুপে পিতা খুন, ঘাতক ছেলে আটক

প্রনীথ রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের বাঘাছড়া চা বাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের হাতে খুন হয়েছেন পিতা। খুন হওয়া ব্যক্তি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের রবী ঘাষী (৫৫)।
রোববার ৩০ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে বাঘাছড়া শ্রমিক লাইনের নিজ বাড়ীতে এ নির্মম হত্যাকান্ডের ঘটনা টি ঘটে। এ ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ছেলে সুকেশ ঘাষী (২৫) কে আটক করে পুলিশের হাত সোপর্দ করে।
জানা যায়, রোববার রাতে বাড়ীতে পিতা চা শ্রমিক রবীর সঙ্গে ছেলে সুকেশের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে পিতার গলায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রবী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলে রোকেশ গাসি পিতার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দা দিয়ে বাম দিকের ঘাড়ের পাশে কুপ দিলে সরাসরি গলা কেটে গিয়ে ঘটনাস্থলেই রবি মারা যায়। এসময় এলাকায় জানাজানি হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়ার নেতৃত্বে এলাকাবাসী ছেলে রোকেশকে আটক করে পুলিশকে থবর দেয়া হয়।
সংবাদ পেয়ে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পবিত্র শেখর দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক ছেলে সুকেশ ঘাষীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে পিতা খুন হয়েছেন। লাশ উদ্ধার করে ঘাতক ছেলেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা হয়েছে।



মন্তব্য করুন