কুলাউড়ায় স/ন্ত্রা/সীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ওসিকে এমপির নির্দেশ

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। একই সঙ্গে শহরের যানজট নিরসনে ফোরলেন সড়ক বাস্তবায়ন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা ও মতামত তুলে ধরেন। এমপি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে তিনি থানার ওসিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
কুলাউড়া শহরের যানজট প্রসঙ্গে তিনি বলেন, যানজট নিরসনে ফোরলেন সড়ক বাস্তবায়ন প্রয়োজন। এ প্রকল্প একনেকে অনুমোদন ও বাস্তবায়নের জন্য কুলাউড়ার বাসিন্দা বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের জোরালো পদক্ষেপ কামনা করেন তিনি।
বিদ্যুৎ সংকট নিয়ে সংসদ সদস্য বলেন, বিদ্যুতের সমস্যা এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে কাজ করছে। দ্রুত এ উদ্যোগের সুফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কুলাউড়া শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করে গড়ে তুলতে অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানান তিনি।
সভায় শহরের যানজট, যত্রতত্র পার্কিং, হাসপাতালে চিকিৎসক সংকটসহ দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ, বাসাবাড়ি ও উপজেলা পরিষদ এলাকায় চুরি, গরু চুরি, ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে বিভিন্ন প্রস্তাব উঠে আসে। এসব অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং জোরদার, প্রয়োজনীয় স্থানে পুলিশ ফাঁড়ি স্থাপন, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিভিন্ন পরীক্ষার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন এবং রিকশাভাড়া নির্ধারণের বিষয়েও আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ, কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. রেদওয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন ও প্রভাষক তাহমিনা আক্তার।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস পাল, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শাহজালাল, কুলাউড়া প্রেসক্লাবের আহবায়ক এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলমসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভাপতির বক্তব্যে ইউএনও শহরের অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদ, মাদক ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানজট নিরসনে প্রশাসনের অভিযান পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান, বিদ্যুৎ সংকট মোকাবিলায় কুলাউড়া শহরের দোকানপাট রাত ৯টায় বন্ধ রাখার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।



মন্তব্য করুন