কমলগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভা

January 15, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বিজ্ঞান চর্চা ও অনুশীলনের সুযোগ সৃষ্টির মাধ্যমে মাধ্যমিক প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার প্রতি ভীতি দূরীকরণ এবং বিজ্ঞানের শিক্ষার্থী বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উই আর ফ্রেন্ডস ফর হিউম্যান (ওয়াফ) এ অবহিতকরণ সভার আয়োজন করে। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন নাহার পারভীনের সভাপতিত্বে ও মোশাহিদ আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ওয়াফ এর নির্বাহী পরিচালক মো: আব্দুল মালিক, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর প্রোগ্রাম কর্মকর্তা মো: মোরশেদ আলম, প্রধান শিক্ষক ফয়েজ আহমদ, সাজ্জাদুর রহমান, শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, দেবাশীষ পাল, সুরজিত সিংহ, ওয়াফ এর এডমিন এন্ড ফিন্যান্স অফিসার মো: আমির আলী, প্রকল্প সমন্বয়কারী মো: মাহমুদুর রহমান, সহ-সমন্বয়কারী মো: আতিকুর রহমান, মো: রুমান আলী প্রমুখ। সভায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ ২০জন অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, বিজ্ঞান শিক্ষা প্রসারে এবং গুণগতমান বজায় রাখার প্রধান দায়িত্ব¡ বর্তায় বিজ্ঞান শিক্ষকের আন্তরিকতা, নিষ্ঠা, কর্তব্যপরায়নতা সর্বোপরি তার জ্ঞান গভীরতা, দক্ষতা ও ছাত্রছাত্রীদের সামনে বিষয় উপস্থাপনের আকর্ষনীয়-উৎসাহজনক কৌশলের উপর, যা খুব সহজ কাজ নয়। একজন সফল বিজ্ঞান-শিক্ষকের ক্ষেত্রে কমপক্ষে দুটি দিক স্পষ্ট করতে হবে।প্রথমত, বিজ্ঞান শিখনের ক্ষেত্রে উৎসাহ প্রদান এবং দ্বিতীয়ত, বিজ্ঞানের জটিল বিষয়কে সহজ ও আকর্ষনীয় ভাবে উপস্থাপন যা বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও কৌতুহল তৈরি করবে। আর এজন্য, বিজ্ঞান শিক্ষণের কৌশল সম্পর্কে জানা অর্থাৎ আর্ট অব টিচিং সাইন্স সম্পর্কে ধারণা লাভ করা সংশ্লিষ্ট শিক্ষকের জন্য অপরিহার্য।

সভায় বক্তারা বলেন, স্কুল পর্যায়ে বিজ্ঞান বিষয়ের শিক্ষা দানে প্রকৃতডিগ্রিধারী শিক্ষকের যথেষ্ঠ অভাব, অন্যদিকে বেশীরভাগ শিক্ষকই সঠিকপদ্ধতিতে বিজ্ঞান শিক্ষা দিতে অভ্যস্থ বা আগ্রহী নয়। প্রমোশন বা আর্থিক সুবিধার খাতিরে বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং বা বিএড এবং এমএড ডিগ্রি নিলে ও জানার বা প্রয়োগের প্রয়োজনে নিজেদের যোগ্যতা বৃদ্ধিতে বা পাঠদানের পূর্ব প্রস্তুতিতে ততবেশী আগ্রহী নয়। অন্ততপক্ষে বেশিরভাগ শিক্ষকের ক্ষেত্রেই বিষয়টি সত্য যা থেকে বেরিয়ে আসা অত্যন্ত জরুরী। তাই, আসুন বিজ্ঞান শিক্ষাকে জাতিয় উন্নয়নে একটা গুরত্বপূর্ন মাধ্যম বিবেচনায় নিয়ে সকল সম্মানিত শিক্ষকদের সক্রিয় সহযোগিতায় আমাদের নতুনপ্রজন্মের অংকুরে যে বিজ্ঞান ও প্রযুক্তির সম্ভাবনা সম্ভাবনা লুকিয়ে আছে তা বের করে এনে, সঠিক বিজ্ঞান চর্চার মাধ্যমে একটি সুশিক্ষিত আদর্শ মূল্যবোধ বিজ্ঞানভিত্তিক একটি উন্নত জাতি গড়ে তোলা সম্ভব।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্প (পিএসই) বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা উই আর ফ্রেন্ডস ফর হিউম্যান (ওয়াফ) কাজ করছে। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)। তিন বছর মেয়াদী এ প্রকল্প গত বছরের ১ অক্টোবর শুরু হয়েছে এবং ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মেয়াদ শেষ হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com