সর্বত্র সহিংসতার বিরুদ্ধে মানুষ শিরোনামে শ্রীমঙ্গলে সর্বদলীয় সভা

August 1, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘সর্বত্র সহিংসতার বিরুদ্ধে মানুষ’ শিরোনামে শ্রীমঙ্গলে শান্তি ও স্থিতিশীলতার জন্য বহু দল ও মতের মানুষের সাথে পরামর্শ সভার আয়োজন করে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।

মঙ্গলবার ১ আগস্ট দুপুরে শহরের শ্রীমঙ্গল ইন হোটেলে এ পরামর্শ সভা অনুস্টিত হয়। এতে উপজেলা দুপ্রক সভাপতি ও সনাক সদস্য সাংবাদিক সৈয়দ নেছার আহমেদ সভাপতিত্ব করেন।

হাঙ্গার প্রজেক্টের স্থানীয় উপজেলা কো-অর্ডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় সভায়  প্রধান অতিথি  ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পরিচালক বদিউল আলম মজুমদার। এছাড়া সভায় বক্তব্য দেন- ব্রিটিশ হাইকমিশন ঢাকার সিনিয়র গর্ভনেন্স এডভাইজার ম্যাথু কার্টার,পলিটিক্যাল কাউন্সিলর টিম ডাকেট, শ্রীমঙ্গল  থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র,সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী,সহ-সভাপতি শামিম আহমেদ,উপজেলা মহিলা দলের সভাপতি জেলা পরিষদ সদস্য হেলেনা চৌধুরী,জাসদ সভাপতি এলেমান কবির,জাতীয় পার্টির উপজেলা সভাপতি হাজী মাস্তান মিয়া,অধ্যাপক সুদর্শন শীল,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো.দুধু মিয়া,মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরীসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস শহীদ এমপি বলেন,শ্রীমঙ্গলে সব দল ও মতের মানুষের সহাবস্থান দীর্ঘ দিনের। এখানকার মানুষ অত্যন্ত শান্ত- বিনয়ী,অতিথি পরায়ণ এবং ধৈর্যশীল। এখানে রাজনৈতিক কোন হানাহানি নেই। এখানে সব দলের  রাজনৈতিক চর্চা করার সবার সমান সুযোগ রয়েছে।

আমরা চাই বাংলাদেশের সর্বত্রই শান্তি বিরাজ করুক। আমরা রাজনীতি করি যার যার মেনুফেষ্টু আদর্শ আছে। আমরা আদর্শ নিয়ে মানুষের কাছে যাবো। মানুষ যাকে ভালো পাবে তার সাথে মানুষ আসবে।

এদিকে দেশে বিএনপির তারুণ্য সমাবেশ- মহাসমাবেশ সবশেষে ঢাকার অভিমুখে অবস্থান কর্মসূচি ঘিরে হামলা মামলায় যখন রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত।

এছাড়াও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায়  সংঘর্ষ, সহিংসতা,বাসে আগুন দেয়ার ঘটনা ঘটছে তখন শ্রীমঙ্গলে একই সভায় মিলিত হন আওয়ামীলীগ,বিএনপি ও জাতীয় পার্টিসহ অন্যান্য দলের নেতারা।

এক সভায় বসে তারা অঙ্গীকার করেন দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যে দলই আসুক না কেন অতীতের মত শ্রীমঙ্গলে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। কোন ধরনের সহিংসতা স্থান পাবে না।

বক্তারা বলেন, সামনে নির্বাচনকালীন সময়ে সহিংসতার পথে না গিয়ে সকলে আইন মেনে চলবেন। এবং সর্বত্র সহিংসতা পরিহার করবেন। শ্রীমঙ্গলের মানুষ এমনিতেই শান্তি প্রিয়। সকলেই সহাবস্থানে বিশ্বাস করে।

 সভায় বিট্রিশ হাইকমিশন ঢাকার পলিটিক্যাল কাউন্সিলর টিম ডাকেট বলেন,ঢাকায় যখন রাজনৈতিক দলের মধ্যে সহিংসতা হচ্ছে,শ্রীমঙ্গলে সব দলের এই সহাবস্থান দেখে তিনি খুবই খুশি হয়েছেন। তিনি বলেন,গণতন্ত্রে পরম সহিষ্ণুতা মেনে চলতে হবে এবং সহিংসতাকে পরিহার করতে হবে।

উপজেলা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন,শ্রীমঙ্গলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন সম্প্রীতির সম্পর্ক বজায় রয়েছে বর্তমান আওয়ামীলীগের এমপি উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি ও পৌর সভার মেয়র মহসিন মিয়া মধু এর কারনে। চাঁদাবাজিসহ সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে তাদের ঐক্যমত থাকায় এমন পরিবেশ হয়েছে বলে তিনি জানান।

জাতীয় পার্টির উপজেলা সভাপতি মাস্তান হাজী আক্ষেপের সুরে  বলেন,জাতীয় পার্টি বিগত ১৫ বছর হতে আওয়ামীলীগের সাথে রয়েছে। কিন্তু তাদের থেকে শ্রীমঙ্গলে কোন মূল্যায়ন পাইনি।

এভাবে যদি জাতীয় পার্টি চলে তাহলে সামনের দিনে জাতীয় পার্টি অস্তিত্ব সংকটে পড়তে পারে বলে মত ব্যক্ত করেন। তবে  সর্বদলীয় এ সভায় দেশের প্রধান বিরোধী দল বিএনপির মেইনস্ট্রিমের দায়িত্বশীল পর্যায়ের নেতা অংশ না নেয়ায় সভাটি পূর্ণতা লাভ করেনি বলে সভায় উপস্থিত একাধিক ব্যক্তি মতপ্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com