জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবাসহ আটক ১

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ইয়াবাসহ রুবেল মিয়া (২৫) নামে একজনকে আটক করেছে থানাপুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ১৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।
শুক্রবার ৮ সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গলের জানাউড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯ টার দিকে থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের জানাউড়া (করইতলা) এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার জানাউড়া-সিন্দুরখান সড়কের পাশে একটি লেবু বাগানের সামনে থেকে রুবেলকে আটক করা হয়।
এ সময় রুবেল মিয়ার লুঙ্গির কোছা থেকে একটি নীল রঙের পলিথিনের প্যাকেট থেকে ১৭০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত রুবেল মিয়া শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া (করইতলা) গ্রামের আসলম মিয়ার ছেলে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন সংবাদে পুলিশ অভিযান চালায় এবং সেখান থেকে একজনকে আটক করা হয়।
আটককৃত রুবেল মিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন