নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শ্রীমঙ্গল অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত
সাইফুল ইসলাম : বাংলাদেশে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি বেসরকারি অংশীদারিত্ব জোরদার করণে এডভোকেসি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৯ ডিসেম্বর সকাল ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হল রুমে কক্ষে এ ডায়লগ অনুষ্ঠিত হয়।
এতে প্রধার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো.ইসলাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকশাহেদা আক্তার, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইলিমেন্ট হাজং, রিজিওনাল ম্যানেজার শুভ্রা গোস্বামী, ম্যাক বাংলাদেশের প্রধান নির্বাহী এম এ হামিদ, সাংবাদিক সাইফুল ইসলাম ও এম এ রকিবসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, সমাজে বিদ্যমান লিঙ্গ বৈষম্য ও সহিংসতা রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ জরুরী। বিশেষ করে নারী, কিশোরী ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রতি সহিংসতা বন্ধে আইনের সঠিক প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন, আইনি সহায়তা প্রদান, ভুক্তভোগীদের মনোসামাজিক সহায়তা এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে অনেক নারী ও কিশোরী সহিংসতা থেকে রক্ষা পেয়ে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পাচ্ছেন। ২০২৪ সালের নারী নির্যাতন জরিপ অনুযায়ী, বাংলাদেশে ২৫৫০ জন নারী ও শিশুকন্যা ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা সহিংসতার শিকার হয়েছেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজ নিজ অবস্থান থেকে লিঙ্গ সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন বক্তারা।



মন্তব্য করুন