শ্রীমঙ্গলে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত মো: সাইফুল ইসলাম
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলার ধোবারহাট বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ভৌতবিজ্ঞান) মো: সাইফুল ইসলাম ২০২৬ সালের জন্য উপজেলার ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি বিএসসি (সম্মান), বিএড, এমএসসি (পদার্থবিজ্ঞান) ও এমএড ডিগ্রিধারী। দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে আসছেন। বিশেষ করে বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে তাঁর অবদান উল্লেখযোগ্য।
পিছিয়ে পড়া ও ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উদ্ভাবনী পাঠদান পদ্ধতি, বাস্তবভিত্তিক ও সহজ উপকরণ ব্যবহার, শিক্ষার্থীবান্ধব আচরণ এবং নিয়মিত মূল্যায়ন কার্যক্রমের মাধ্যমে তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, মো: সাইফুল ইসলাম আইসিটি বিষয়ে অত্যন্ত দক্ষ। তিনি আইসিটি জেলা অ্যাম্বাসাডর (মৌলভীবাজার) হিসেবে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁর এই স্বীকৃতি শিক্ষাঙ্গনে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশেও তাঁর ভূমিকা প্রশংসনীয়।
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় মো. সাইফুল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে আরও দায়িত্বশীলভাবে কাজ করে যাবেন।
এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, পরিচালনা কমিটি, অভিভাবক, পরিবার ও শিক্ষানুরাগী মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।



মন্তব্য করুন