জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে অঙ্গীকারের দাবি শ্রীমঙ্গলে মানববন্ধন

January 26, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : রাজনৈতিক দলসমূহের কাছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করে জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির অঙ্গীকার গ্রহণের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

২৬ জানুয়ারি সোমবার শ্রীমঙ্গল শহরে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের অঙ্গীকার করলেও বাস্তবে দেশ এখনও আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও বর্তমানে দেশের জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র ৪ দশমিক ৬ শতাংশ।

তারা আরও বলেন, ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত জ্বালানি খাতে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বিদেশি বিনিয়োগ হলেও এর ৯৬ দশমিক ৭ শতাংশ জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পে এবং মাত্র ৩ দশমিক ৩ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ হয়েছে। সরকারের বিভিন্ন পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা নির্ধারণে অসঙ্গতি ও অস্পষ্টতা রয়েছে এবং অংশীজনদের মধ্যে সমন্বয়ের ঘাটতিও স্পষ্ট—এমন অভিযোগও তোলেন বক্তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক শ্রীমঙ্গলের সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ। টিআইবি শ্রীমঙ্গল এরিয়া কো-অর্ডিনেটর মো. আবু বক্কর এর সঞ্চালনায় বক্তব্য দেন সনাকের সাবেক সভাপতি দ্বিপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, সহসভাপতি এস এ হামিদ, রিনা মজুমাদরসহ অন্যান্যরা।

এ সময় মানববন্ধনে সনাক, ইয়েস ও ইসিজি সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com