মৌলভীবাজার ৪ আসনে সংসদীয় এলাকায় আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নে মতবিনিময়

সাইফুল ইসলাম : মৌলভীবাজার ৪ আসনে সংসদীয় এলাকায় আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ এপ্রিল দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন।
সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি মো: নুরুল আলম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় নৃতাত্বিক জনগোষ্ঠী প্রতিনিধি, চা শ্রমিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
আলোচনায় অংশীজনরা শ্রীমঙ্গলের যানজট, পর্যটক বান্ধব উন্নয়ন, ময়লার ভাগার অপসারণ, গ্রামীণ সড়ক ও অবকাঠামো নির্মাণ, প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়ন ও স্কুল -কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়া চা বাগান শ্রমিকদের বাসস্থান তৈরী ও বেকারত্ব নিরসনের কর্মপরিকল্পনা গ্রহনের কথা তুলে ধরা হয়।
মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছেন। জনগনের মতামত গুরুত্বের সাথে পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহন ও বাস্তবায়নের প্রক্রিয়া করা হবে। সুবিধা বঞ্চিত নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, চা শ্রমিকসহ সব জাতি গোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকারের নানা পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়িত হবে। একইসাথে শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা, সুযোগ ও সম্ভবনা চিহ্নিত করে পঞ্চ বার্ষিকী পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করা হবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন বলেন, আগামী ২০২৬-২৭ অর্থ বছর এবং আগামী পঞ্চ বার্ষিকী উন্নয়ন পরিকল্পনায় জনগনকে আগামী সাত দিনের মধ্যে লিখিত মতামত জমা দিতে পারবেন।



মন্তব্য করুন