কুলাউড়ায় সিএনজি চালক রিপন হ/ত্যা, একমাসেও মূল রহস্য উদঘাটন হয়নি

April 11, 2026,

মাহফুজ শাকিল : কুলাউড়ায় সিএনজি অটোরিকশা চালক রিপন আহমদ (২৮) হত্যাকান্ডের এক মাস অতিবাহিত হলেও গ্রেপ্তার আসামী সাকিবকে রিমান্ডে না আনা ও হত্যার রহস্য উদঘাটন না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। আসামী সাকিবের ফাঁসি ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও জয়যাত্রা যুবসংঘ আলীনগর।

শুক্রবার ১০ এপ্রিল বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী আলীনগর এলাকার বিন্দারাণী দিঘির পার বাজারে কয়েক শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পৃথিমপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাহির আলীর সভাপতিত্বে ও জয়যাত্রা যুবসংঘের সভাপতি সুমেল উদ্দিনের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে একাত্মতা পোষণ করে প্রধান অতিথির বক্তব্য দেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুল লতিফ। এসময় বক্তব্য দেন পৃথিমপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালিক, সংগঠক ফয়জুল হক, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সুমন আহমদ সাদিম, নিহত রিপনের পিতা আব্দুল হান্নান ওরফে হানু মিয়া, আনসার সদস্য ইয়াসির আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মামলা অধিকতর তদন্ত করে হত্যা কান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে। পুলিশের আচরণ সন্দেহজনক। আশানুরূপ কোন সহায়তা পাচ্ছে না হত্যা কান্ডে শিকার রিপনের পরিবার।

বক্তারা বলেন, ঘটনার পর স্থানীয় একটি প্রভাবশালী চোরাচালান চক্র ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য নিহতের রিপনের স্ত্রীর সাথে ঘাতক সাকিবের পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তুলেন। এই হত্যাকান্ডের ঘটনায় সীমান্তের চিহ্নিত চোরাকারবারী প্রভাবশালী কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে বলে মানববন্ধনে স্থানীয়রা দাবি করেন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, একমাস অতিবাহিত হলো, হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। এক মাস অপেক্ষা করে পুলিশের ভূমিকা দেখতে চেয়েছিল এলাকার লোকজন। কিন্তু আজকে পুলিশ নীরব বসে আছে। রহস্য উদঘাটনে তাদের কোন কর্ণপাত নেই। তারা প্রয়োজনীয় কোন ব্যবস্থা নিচ্ছে না।  আমি এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুহিতকে জিজ্ঞেস করি, কেন আসামী সাকিবকে এখনো রিমান্ডে আনা হয়নি। তখন তিনি জানান, ঈদের পর রিমান্ডে আনা হবে। কিন্তু একমাস হয়ে গেল মানুষ এই নিয়ে জল্পনা-কল্পনা করছে, মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

তিনি আরো বলেন, এলাকার সাধারণ মানুষ মনে করছে, আসামী সাকিবের সাথে আরো কয়েকজন জড়িত রয়েছেন যারা রিপন হত্যার সাথে জড়িত। এই নিয়ে স্থানীয় লোকজন নানা সমালোচনা করছেন। এ বিষয়ে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অচিরেই আসামী সাকিবকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হোক। এই হত্যার সাথে আরো অনেকে জড়িত আছেন। তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মুহিত বলেন, ইতোমধ্যে আসামী রিপন ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার বিষয়টি স্বীকার করেছে আদালতে। রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো: আজমল হোসেন বলেন, ১৬৪ ধারায় আসামী সাকিব বিজ্ঞ আদালতে ও পুলিশের কাছে স্বীকার করেছে, রিপনের স্ত্রীর সাথে তার পরকীয়ার সম্পর্ক ছিল। ওই ঘটনার জেরে সাকিব ক্ষিপ্ত হয়ে রিপনকে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। হত্যাকান্ডের সমস্ত  আলামত ইতোমধ্যে জব্দ করা হয়েছে। নির্মম এই হত্যাকান্ডে স্থানীয় প্রভাবশালী কয়েকজন চোরাকারবারী জড়িত আছেন কিনা এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে তিনি আরো বলেন, এই হত্যাকান্ডের সাথে চোরাচালানের কোন সম্পর্ক নেই। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে। এলাকার লোকজন তো অভিযোগ করবেই। পুলিশ তথ্য প্রমাণের ভিত্তিতে মামলাটি তদন্ত করছে। প্রয়োজনে আসামীর রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, ৯ মার্চ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় পৃথিমপাশা  ইউনিয়নের আলীনগর গ্রামের আব্দুল হান্নান ওরফে হানু মিয়ার ছেলে রিপন। পরদিন রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। আসামী সাকিব পরিকল্পিতভাবে রিপনকে ঘটনাস্থলে ডেকে নিয়ে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে রিপনের শরীরে ছুরি দিয়ে একাধিক আঘাত করে ঘাতক সাকিব। এতে ঘটনাস্থলে রিপন মারা যায়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের জমসেদ আলীর ছেলে সিএনজি চালক সাকিব আহমদ (২৪) কে গ্রেপ্তার করে। এরপর নিহত রিপনের পিতা আব্দুল হান্নান বাদী হয়ে ঘাতক সাকিবকে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com