কুলাউড়ায় ৪ কোটি টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি

April 18, 2026,

এস আর অনি চৌধরী : কুলাউড়া পৌরসভায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার ১৮ এপ্রিল সকালে ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)’ এর আওতায় শিবির রোড উন্নয়ন ও আরসিসি ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে উত্তরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুর রহমান ইমরানের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রকল্প সূত্রে জানা যায়, ৩ কোটি ৯৯ লাখ ৬৭ হাজার ২৭৩ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় শিবির রোড উন্নয়ন কাজ দুই ধাপে সম্পন্ন হবে। আরএইচডি সড়ক সংলগ্ন ময়না মহুরি বাসভবন এলাকা থেকে কুলাউড়া-বিজয়া সড়ক পর্যন্ত ৭৫০ মিটার সড়কের মধ্যে প্রথম ২০০ মিটার আরসিসি এবং অবশিষ্ট ৬৫০ মিটার ডিবিসি পদ্ধতিতে নির্মাণ করা হবে।

এ ছাড়া সংযোগ সড়ক হিসেবে রোহান স্টোর এলাকা থেকে শাহবাজপুর রেললাইন পকেট গেট পর্যন্ত ২৩০ মিটার (লিংক-১) এবং ভূমি অফিস এলাকা থেকে শাহবাজপুর রেললাইন পর্যন্ত ১২০ মিটার (লিংক-২) সড়ক উন্নয়ন করা হবে। সব মিলিয়ে প্রকল্পের মোট সড়ক উন্নয়ন দৈর্ঘ্য ১ হাজার ২০০ মিটার। অন্যদিকে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে সড়কের পাশে ৭৪৩ মিটার দৈর্ঘ্যের আরসিসি ড্রেন নির্মাণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com