ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু মেরামতের জন্য সাময়িক বন্ধ থাকবে, যান চলাচলে নতুন নির্দেশনা

স্টাফ রিপোর্টার : ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ১৮৬তম কিলোমিটারে কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের কাজ শুরু হতে যাচ্ছে। সড়ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে রোববার ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই মেরামত কাজ চলবে। এ সময় জনভোগান্তি ও যানজট এড়াতে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে এক লেনে যানবাহন চলাচল করবে। তবে ওই দিন রাত ১১টা থেকে ২৫ এপ্রিল শনিবার সকাল ৯টা পর্যন্ত দীর্ঘ ১০ ঘণ্টা সেতুর ওপর দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। মেরামত কাজ চলমান থাকায় ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল রোববার সকাল ৮টা পর্যন্ত আবারও এক লেনে যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হবে। কাজ শেষে ২৬ এপ্রিল সকাল ৮টার পর থেকে সেতুর ওপর দিয়ে আগের মতো স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারবে।
মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়ছার হামিদ জানান, সেতু মেরামতের সময় যাত্রী ও চালকদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। ঢাকা-সিলেট রুটে চলাচলকারী যানবাহনকে বিকল্প পথ হিসেবে ঢাকা থেকে শায়েস্তাগঞ্জ-মিরপুর হয়ে মৌলভীবাজার সদর এবং ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেটে যাতায়াত করতে বলা হয়েছে।
অন্যদিকে, ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের যানবাহনগুলোকে নবীগঞ্জের সৈয়দপুর বাজার-রানীগঞ্জ-জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জ সড়কটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সড়ক বিভাগ জনস্বার্থে এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সকলকে ট্রাফিক নির্দেশনা মেনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।



মন্তব্য করুন