সরকারি কর্মচারীর মৃ/ত্যুবরণ, গুরুতর আ/হত ও অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার : বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা-২০২০ (সংশোধিত) অনুযায়ী ২০২৫-২৬ অর্থ বছরের সুপারিশকৃত ১০ জন আবেদনকারীগণের অনুকূলে চেক হস্তান্তর করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।
অনুষ্ঠানে ৮ জন মৃত কর্মচারীর পরিবারের অনুকূলে ৮ লক্ষ টাকা হারে মোট ৬৪ লক্ষ টাকার চেক এবং ২ জন গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম কর্মচারীর অনুকূলে ৪ লক্ষ টাকা হারে মোট ৮ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
জেলা প্রশাসক বলেন, বেসামরিক প্রশাসনে দায়িত্ব পালনকালে কোনো সরকারি কর্মচারীর মৃত্যু কিংবা গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতায় পতিত হওয়া অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এ ধরনের পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক ও মানসিকভাবে কঠিন সময় অতিক্রম করে।
সরকারের পক্ষ থেকে প্রদত্ত এই আর্থিক অনুদান সংশ্লিষ্ট পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও সহায়তা করবে এবং তাদের মাঝে সাহস ও প্রেরণা যোগাবে।
তিনি আরও বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে সরকার সবসময় সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।



মন্তব্য করুন