জুড়ীতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা-কলম বিতরণ করলো ওয়ালমেট

জুড়ী প্রতিনিধি : জুড়ীতে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে ওয়ালমেট ব্র্যান্ডের রুপসী ইলেকট্রিক লিমিটেড, জুড়ী শাখা। প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে খাতা ও কলম বিতরণ করা হয়েছে।
বুধবার ১৩ মে সকালে উপজেলার জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয় এবং চা বাগান অধ্যুষিত কুচাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কামিনীগঞ্জ বাজারস্থ রুপসী ইলেকট্রিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সেবা সবুজ পাতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সাজিদ হোসাইন।
জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নাজিম উদ্দিন এবং সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা ফয়জুল ইসলাম, হাফিজ কাওছার আহমদ, হাফিজুর রহমান, আব্দুল মুমিত, জয়প্রতাপ চৌবে, মাওলানা আমিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, সমাজে অনেকেই নীরবে মানবিক কাজ করে যাচ্ছেন। সমাজের জন্য কাজ করতে বড় সম্পদের প্রয়োজন হয় না, প্রয়োজন সুন্দর মানসিকতার। তিনি ওয়ালমেট কর্তৃপক্ষের এমন উদ্যোগের প্রশংসা করে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. সাজিদ হোসাইন বলেন, ওয়ালমেট ব্র্যান্ডের বিভিন্ন পণ্য বাজারজাত করে অর্জিত লাভের একটি অংশ মানবসেবামূলক কাজে ব্যয় করা হয়। তিনি বলেন, দেশকে আলোকিত করতে শিক্ষার বিকল্প নেই। বিশেষ করে চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের সন্তানদের শিক্ষার মান উন্নয়নে আমরা পাশে থাকার চেষ্টা করছি।
তিনি আরও জানান, এর আগে জুড়ী থানায় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য ৪টি পুলিশ চেকপোস্ট সম্বলিত সাইনবোর্ড এবং একটি সৌর বিদ্যুৎ ব্যবস্থা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষাসহায়ক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



মন্তব্য করুন