গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে সচেতনতায় শ্রীমঙ্গলে তরুণ-প্রবীণদের বিশেষ প্রশিক্ষণ ও মতবিনিময় কর্মসূচি

May 25, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ভুয়া তথ্য, বিভ্রান্তিমূলক প্রচারণা এবং অনলাইন সহিংসতার বিস্তার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে| যাচাইবিহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ায় সামাজিক সম্প্রীতি বিনষ্ট হওয়ার পাশাপাশি অনেক সময় সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি, উত্তেজনা ও সহিংস পরিস্থিতির| এমন বাস্তবতায় তরুণ ও প্রবীণ সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের দক্ষতা উন্নয়ন এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর উদ্যোগে শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে|

২২ ও ২৩ মে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ প্রতিনিধি, সামাজিক সংগঠক এবং প্রবীণ সমাজের সদস্যরা অংশ নেন| কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল অনলাইন বিভ্রান্তিমূলক তথ্য শনাক্তকরণ, ফ্যাক্ট-চেকিং দক্ষতা বৃদ্ধি এবং তরুণ ও প্রবীণ প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদার করা|

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির| এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি ডিরেক্টর চৌধুরি সামিউল হক, গবেষণা কর্মকর্তা আবিদ হাসান এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হুসাইন মুহাম্মদ রাইয়ান|

প্রথম দিনের কর্মশালায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন| কর্মশালায় অংশগ্রহণকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য, ছবি ও ভিডিও যাচাইয়ের বিভিন্ন আধুনিক কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়| রিভার্স ইমেজ সার্চ, তথ্যের উৎস বিশ্লেষণ, ভুয়া সংবাদ শনাক্তকরণ এবং আন্তর্জাতিক বিভিন্ন ফ্যাক্ট-চেকিং টুল ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়| কর্মশালাটি পরিচালনা করেন গবেষণা কর্মকর্তা আবিদ হাসান|

এ সময় বক্তারা বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি বা ভিডিও নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে ছড়িয়ে দেওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা অনেক সময় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে| তাই যেকোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ| বক্তারা আরও বলেন, দায়িত্বশীল ডিজিটাল আচরণ গড়ে তোলা না গেলে ভবিষ্যতে অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য সমাজে আরও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে|

দ্বিতীয় দিনের সংলাপ কর্মসূচিতে তরুণ ও প্রবীণ সমাজের প্রতিনিধিরা মুখোমুখি আলোচনায় অংশ নেন| আলোচনায় অনলাইন বিভ্রান্তিমূলক তথ্য, ঘৃণামূলক বক্তব্য, সাইবার বুলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়| বক্তারা বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে যোগাযোগ সহজ হলেও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার সমাজে নতুন ধরনের সংকট ˆতরি করছে| যাচাইবিহীন তথ্য ও উসকানিমূলক প্রচারণা অনেক সময় সামাজিক বিভেদ ও অস্থিরতার কারণ হয়ে দাঁড়াচ্ছে| এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ ও প্রবীণ প্রজন্মের মধ্যে সহযোগিতা, সচেতনতা এবং পারস্পরিক আস্থা বৃদ্ধি জরুরি|

সংলাপের একপর্যায়ে তরুণ অংশগ্রহণকারীরা শ্রীমঙ্গলে একটি কমিউনিটি-ভিত্তিক ফ্যাক্ট-চেকিং গ্রুপ গঠনের প্রস্তাব উত্থাপন করেন| প্রস্তাবে বলা হয়, স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিমূলক ও ভুল তথ্য শনাক্ত করে তা যাচাইয়ের মাধ্যমে সাধারণ মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরা হবে| একইসঙ্গে প্রবীণ সমাজকে ডিজিটাল বিভ্রান্তি সম্পর্কে সচেতন করতে তরুণরা সক্রিয় ভূমিকা পালন করবে| অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে এবং প্রজন্মের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে|

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, এ আয়োজন তাদের তথ্য বিশ্লেষণ ও যাচাইয়ের সক্ষমতা বাড়াতে সহায়তা করেছে| তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত বিপুল পরিমাণ তথ্য ছড়িয়ে পড়ছে| ফলে কোনটি সত্য আর কোনটি বিভ্রান্তিকর যাচাই করার দক্ষতা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে| তারা আরও জানান, এ ধরনের প্রশিক্ষণ ও সংলাপ নিয়মিত আয়োজন করা হলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি শান্তিপূর্ণ, সহনশীল ও দায়িত্বশীল ডিজিটাল সমাজ গড়ে তোলা সহজ হবে|

উল্লেখ্য, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ২০০০ সালে প্রতিষ্ঠিত একটি বেসরকারি, অরাজনৈতিক ও অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান| প্রতিষ্ঠানটি সুশাসন, গণতান্ত্রিক চর্চা, নিরাপত্তা, নীতিনির্ধারণ, যুব উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে|

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com