বিশিষ্ট সাংবাদিক বকশী ইকবাল আহমদকে ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়রের সংবর্ধনা

August 24, 2026,

লন্ডন প্রতিনিধি : মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক বকশী ইকবাল আহমদকে লন্ডনের ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোহাম্মদ ইসলাম ও সাবেক সিভিক মেয়র কাউন্সিলার হুমায়ুন কবিরের উদ্যোগে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

সম্প্রতি ক্রয়ডন কাউন্সিলের কাউন্সিল চেম্বারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সিভিক মেয়র কাউন্সিলার হুমায়ুন কবির।

অনুষ্ঠানে সিভিক মেয়র মোহাম্মদ ইসলাম সাংবাদিকতা ও সমাজসেবায় বকশী ইকবাল আহমদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বকশী ইকবাল আহমদের বিভিন্ন সামাজিক ও সাংবাদিকতামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে তাঁর প্রতি শুভকামনা জানান।

বকশী ইকবাল আহমদ তাঁর বক্তব্যে ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়রসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ক্রয়ডন কাউন্সিল ও মৌলভীবাজারের মধ্যে টুইনিং লিংক প্রকল্পের মাধ্যমে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান তিনি।

সাবেক সিভিক মেয়র কাউন্সিলার হুমায়ুন কবির যুক্তরাজ্যে সমাজসেবায় কে এম আবু তাহের চৌধুরীর অবদানের প্রশংসা করেন। তিনি জানান, ড. মোহাম্মদ আবুল লেইছ দীর্ঘ তিন বছর গবেষণা করে লেখা একটি বইয়ে যুক্তরাজ্যে স্বেচ্ছাসেবামূলক কাজে অবদানের জন্য ১০১ জনের মধ্যে কে এম আবু তাহের চৌধুরীর নাম প্রথম স্থানে রয়েছে।

অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি সোসাইটি ক্রয়ডনের সভাপতি নেছার আলী, সহ-সভাপতি জুবায়ের কবির, শাহজালাল মসজিদের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, লেখিকা ও কবি আসমা মতিন, কবি শাহ আলম শামসুদ্দীন, কমিউনিটি ব্যক্তিত্ব মোমেন ভূঁইয়া, ব্যবসায়ী কামাল খান, আব্দুল মুকিত, মতিউর রহমান খোকন ও মোহাম্মদ এহরাম চৌধুরীসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে সিভিক মেয়র মোহাম্মদ ইসলাম অতিথিদের কাউন্সিলের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ঘুরিয়ে দেখান এবং কাউন্সিলের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের চা-নাশতা পরিবেশন করা হয়।

সবশেষে ক্রয়ডন কাউন্সিলের পক্ষ থেকে বিশিষ্ট সাংবাদিক বকশী ইকবাল আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com