কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হা/ম/লার অভিযোগ

September 6, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাসেল মিয়া নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন। গত ৪ সেপ্টেম্বর রাত ৮টার দিকে শমশেরনগর রেলস্টেশনের প্ল্যাটফর্মে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে চিকিৎসা শেষে রাসেল মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী রাসেল মিয়া, শমশেরনগর বাজার অটোরিকশা চালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাছিত আলী, সাহাবউদ্দীন ও হাছান আলী অভিযোগ করেন, শমশেরনগর অটোরিকশা চালক সমিতির সভাপতি শফিক মিয়া এবং তাঁর সহযোগী জাকির মিয়া, সামাদ মিয়া ও নাজিম উদ্দীন দীর্ঘদিন ধরে দুই শতাধিক অটোরিকশাচালকের কাছ থেকে বিভিন্ন হারে টাকা আদায় করে আসছেন। তাঁদের অভিযোগ, অটোরিকশাপ্রতি দুই থেকে তিন হাজার টাকা এবং মাসিক ১০০ টাকা করে নেওয়া হয়। নির্ধারিত টাকা না দিলে শমশেরনগর বাজারে অটোরিকশা চালাতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তাঁরা।

অভিযোগকারীদের দাবি, এভাবে টাকা আদায়ের প্রতিবাদ করায় গত ৪ সেপ্টেম্বর রাতে শমশেরনগর রেলস্টেশনের প্ল্যাটফর্মে রাসেল মিয়ার ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি আহত হন। হামলার পর তাঁকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি শফিক মিয়াসহ চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শমশেরনগর ব্যাটারিচালিত অটোরিকশা চালক সমিতির সভাপতি শফিক মিয়া। তিনি বলেন, ‘এখন চাঁদা তোলা সম্পূর্ণ নিষেধ। আগে সাধারণ সম্পাদক রাসেল মিয়া চাঁদা আদায় করতেন। ওই বিষয়কে কেন্দ্র করেই ৪ সেপ্টেম্বর মারামারির ঘটনা ঘটে। আমরা টাকা তোলা বন্ধ করে দিয়েছি।’

এদিকে কয়েকজন স্থানীয় অটোরিকশাচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শমশেরনগর বাজারে অটোরিকশা চালাতে হলে ভর্তি ফি হিসেবে দেড় থেকে দুই হাজার টাকা এবং মাসিক ১০০ টাকা দিতে হয়। তাঁদের দাবি, এই টাকার একটি অংশ পুলিশকে দিতে হয় বলে সমিতির নেতারা তাঁদের জানান। টাকা না দিলে বাজারে অটোরিকশা চালানো কঠিন হয়ে পড়ে বলেও অভিযোগ করেন তাঁরা।’

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য শমশেরনগর পুলিশ ফাঁড়িতে দেওয়া হয়েছে। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com