কুলাউড়া থেকে নিখোঁজ আদিবাসী তরুণী জগন্নাথপুরে উদ্ধার

July 23, 2017,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া থেকে নিখোঁজের ৭ দিন পর সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে এক আদিবাসী তরুণীকে উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
জানা গেছে, সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার জুমগাঁও গ্রামের মলয় রেমার তরুণী কন্যা সমাপ্তি বাংক (১৭) দীর্ঘদিন ধরে কুলাউড়া থানার উত্তর বাজার এলাকায় তাঁর ভগ্নিপতি ইব্রাহিম খলিলের বাসায় বসবাস করে আসছিলেন। হঠাৎ করে ১৩ জুলাই কুলাউড়ার ভগ্নিপতির বাসা থেকে আদিবাসী তরুণী সমাপ্তি বাংক নিখোঁজ হন। এ ঘটনায় তার ভগ্নিপতি ইব্রাহিম খলিল বাদী হয়ে কুলাউড়া থানায় ১৮ জুলাই জিডি (নং-৮৪৭) করেন।
এদিকে-গোপন সংবাদের ভিত্তিতে জিডির আলোকে নিখোঁজের ৭ দিন পর বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর সদর বাজারের রুপসী বিউটি পার্লার নামের এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিখোঁজ হওয়া এ তরুণীকে উদ্ধার করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী জানান, উদ্ধারকৃত তরুণীকে তাঁর ভগ্নিপতি ইব্রাহিম খলিলের জিম্মায় দেয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে রুপসী বিউটি পার্লারের মালিক রিকু চৌধুরী ওই তরুণীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এখানে এনে ছিলেন।
কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার বলেন, নিখোঁজ আদিবাসী তরুণীকে জগন্নাথপুর থেকে উদ্ধার করে তার ভগ্নিপতি ইব্রাহিম খলিলের হেফাজতে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com