কুয়েতে এসি বিস্ফোরণ : ৫ জনের লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়লেন স্বজনরা

স্টাফ রিপোর্টার॥ কুয়েত সিটির সালমিয়াতে এসি বিস্ফোরণে নিহত মৌলভীবাজারের কমলগঞ্জের কান্দিগাঁও গ্রামের জুনেদ আহমেদের স্ত্রী রোকেয়া বেগমসহ তার দুই ছেলে ও দুই মেয়ের মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে কমলগঞ্জে গ্রামের বাড়িতে এসে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। এ সময় নিহতদের স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে। কুয়েত প্রবাসী জুনেদ আহমদ ও তাঁর স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে কান্দিগাঁও গ্রামে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। মরদেহ দেখতে মৌলভীবাজারের বিভিন্ন এলাকা হতে হাজারো মানুষ কান্দিগাঁও গ্রামের বাড়িতে ভিড় করেন।
নিহতদের জানাযার নামাজ রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার সংলগ্ন সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর নিজ গ্রাম্য পারিবারিক কবরস্থানে পাশাপাশি পাঁচটি কবরে দাফন সম্পন্ন হবে।

বৃহস্পতিবার ১৯ অক্টোবর সকাল ৯টায় লাশবহনকারী একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছে। বিমানবন্দরে উপস্থিত হয়ে মরদেহ গ্রহণ করেন সাবেক চিফ হুইপ ও কমলগঞ্জ-শ্রীমঙ্গল এলাকার সংসদ সদস্য আলহাজ্ব উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি। মরদেহ গ্রহনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দীন এমপি, বাংলাদেশ প্রবাশী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক (অর্থ) মোঃ শফিকুর রহমান, সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সড়ক পথে সকাল ১১টায় মরদেহ নিয়ে কমলগঞ্জের কান্দিগাঁও গ্রামের বাড়ির রওয়ানা দিয়ে বিকেল সোয়া ৫টায় পৌছায়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান ও ইউপি সদস্য সুন্দর আলী প্রমুখ।
উল্লেখ্য গত ১৬ অক্টোবর সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্র বিস্ফোরণে জুনাইদ আহমদের স্ত্রী রোকেয়া বেগম (৩৩) মেয়ে জামিলা (১৫) ও নাবিলা (৯), ছেলে ইমাদ (১২) ও ফাহাদ (৫)। কুয়েত সিটির সালমিয়াত নামের এলাকায় এসি দূর্ঘটনায় মারাযান। রোকেয়ার স্বামী জুনাইদ আহমদ দূর্ঘটনার সময় বাসায় ছিলেন না। জুনাইদ কুয়েত সেনা বাহিনীর সিভিল পদে চাকুরী করতেন।
জুনাইদ আহমদ তাঁর পরিবার নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে কুয়েতে বসবাস করছেন। জুনাইদের অপর দুই ভাইয়ের মধ্যে এক ভাই স্বপরিবারে যুক্তরাষ্ট্র ও অন্য ভাই সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন।



মন্তব্য করুন